প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিলাসবহুল পণ্যের বাজারে এতদিন ধরে দাম বাড়ানো ছিল বড় ব্র্যান্ডগুলোর প্রচলিত কৌশল। তবে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড গুচি দীর্ঘদিনের বিক্রয় মন্দার প্রেক্ষাপটে সেই নিয়মে পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি হ্যান্ডব্যাগ, জুতা ও পোশাকের মতো পণ্যের দাম কমিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড লুই ভুইতো একই পথে হাঁটতে রাজি নয়।
ফোর্বসের এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুচির বেশ কিছু জনপ্রিয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডটির প্যাডলক টপ-হ্যান্ডেল ব্যাগ। ফ্রান্সে জুলাই মাসে এই ব্যাগটির দাম ছিল ৩ হাজার ৫০০ ইউরো, যা বর্তমানে কমিয়ে ২ হাজার ৪৫০ ইউরো করা হয়েছে। অর্থাৎ, এক ধাক্কায় দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া, আগে ৮০০ ইউরো দামের কিছু জুতার দাম কমিয়ে ৫৬০ থেকে ৫৯৫ ইউরোর মধ্যে আনা হয়েছে।
গুচির মালিকানাধীন প্রতিষ্ঠান কেরিংয়ের দাবি, এটি কেবল মূল্যছাড়ের কৌশল নয়, বরং পণ্যের দাম নির্ধারণের কাঠামোয় পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত দাম বাড়ানোর ফলে অনেক ক্রেতার নাগালের বাইরে চলে গিয়েছিল ব্র্যান্ডটির পণ্য। এর ফলে বিক্রির পরিমাণেও নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। ফোর্বসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টানা ১৩ প্রান্তিক ধরে গুচির বিক্রিতে পতন ঘটেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় আগের তুলনায় ৬ শতাংশ কমে ১২৯ কোটি ইউরোতে পৌঁছেছে।
অন্যদিকে, গুচির মতো দাম কমানোর সিদ্ধান্তে এখনো রাজি নয় লুই ভুইতো। যদিও ব্র্যান্ডটির বিক্রিও চাপের মধ্যে রয়েছে। গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লুই ভুইতোর বিক্রি প্রায় ৮ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির মূল সংস্থা এলভিএমএইচের আয়ের বড় একটি অংশ এই ব্র্যান্ড থেকে আসে। ফলে বিক্রির এই পতন পুরো প্রতিষ্ঠানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে দাম কমানোর পরিবর্তে ক্রেতাদের আগ্রহ ফিরিয়ে আনতে পণ্যের প্রতি নতুন আকর্ষণ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে লুই ভুইতো। এদিকে, চ্যানেল, ডিওর ও বারবেরির মতো ব্র্যান্ডগুলোও ভিন্ন কৌশল গ্রহণ করেছে। তারা জনপ্রিয় পণ্যের দাম না কমিয়ে তুলনামূলক কম দামের নতুন পণ্য বাজারে আনছে। বিপরীতে, হারমেস এখনও উচ্চমূল্যের কৌশল ধরে রেখেছে। কারণ, তাদের মূল ক্রেতারা এখনো বিলাসবহুল পণ্যে অর্থ ব্যয় করছেন।
বিশ্বজুড়ে বিলাসবহুল পণ্যের বাজারে ক্রেতা কমে যাওয়াই এই পরিবর্তনের অন্যতম কারণ। মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত ক্রেতাদের একটি বড় অংশ এখন ব্যয় কমাচ্ছেন। ফলে শুধুমাত্র ব্র্যান্ডের পরিচিতি দিয়ে আগের মতো বিক্রি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। গুচির দাম কমানোর সিদ্ধান্ত তাই শুধু একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল নয়, বরং পুরো বিলাসবহুল ফ্যাশনশিল্পের জন্য নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন