প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভূমধ্যসাগরের দেশ গ্রিস এবং সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েল একটি সহযোগিতামূলক কমিটি গঠন করেছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, ভূমধ্যসাগরে নিজেদের অবস্থান দৃঢ় করতে তেল আবিব দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। তবে, এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশের পর তুরস্ককে দুই দেশের ‘সাধারণ শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রিক-শাসিত সাইপ্রাসের পার্লামেন্টে গঠিত ইসরায়েলপন্থী সংগঠন ইসরায়েল অ্যালাইস ফাউন্ডেশনের (আইএএফ) স্থানীয় শাখা প্রতিষ্ঠা করেছে দেশটির ডানপন্থী ডিআইএসওয়াই, মধ্যপন্থী ডিআইকেও এবং জাতীয়তাবাদী ইএলএএম দলের ছয়জন আইনপ্রণেতা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে, গত ১৪ অক্টোবর সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠকের পর আইএএফ প্রেসিডেন্ট জশ রেইনস্টাইন দেশটির পার্লামেন্টে নতুন উদ্যোগের ঘোষণা দেন।
এর কিছুদিন পর, গত বুধবার সাইপ্রাস (সাইপ্রাস প্রজাতন্ত্র) সফর করেন মার্কিন-ইসরায়েলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলটি ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠক করে, যার নেতৃত্বে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বার্নার্ড কামিনেৎস্কি ও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত ইয়েহুদা নিউবার্গার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েল, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘নিরাপত্তা অংশীদারত্ব’ জোরদার করাই ছিল ওই সফরের প্রধান উদ্দেশ্য।
আইএএফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাইপ্রাসে নিযুক্ত ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সুলি দাভিদোভিৎস বলেন, দুই দেশের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক নিরাপত্তাস্বার্থ এবং পূর্ব ভূমধ্যসাগরে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন দৃষ্টিভঙ্গি এ সম্পর্কের ভিত্তি।
তুর্কি রাষ্ট্রীয় টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে, পার্লামেন্ট ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইএসওয়াই দলের জর্জ কারুল্লাস ও হারালাম্বোস পেত্রিদেস, ইএলএএম দলের সোতেরিস ইয়োনু ও মারিওস পেলেকানোস এবং ডিআইকেও দলের আন্দ্রেয়াস আপোস্তোলু ও ক্রিসিস পান্তেলিদেস। পান্তেলিদেস শাখাটির নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে সাবেক সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস, প্রতিরক্ষামন্ত্রী ভাসিলিস পালমাস, ডিআইকেও সভাপতি নিকোলাস পাপাদোপোলুস এবং সাইপ্রাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ব্রেসলোও উপস্থিত ছিলেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেওয়ার কারণে সংগঠনটির সমালোচনা করা হয়েছে। অন্যদিকে, আইএফ-এর সঙ্গে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েল, গ্রিস এবং গ্রিক সাইপ্রাস প্রশাসনের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের মধ্যে এ উদ্যোগ নেওয়া হলো। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে গ্রিসের সামরিক কর্মকর্তারা জানান, ২০২৬ সালে পূর্ব ভূমধ্যসাগরে তিন পক্ষের যৌথ বিমান ও নৌমহড়া বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তবে, গ্রিক সাইপ্রাস প্রশাসনের ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার খবর তুরস্কের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, দ্বীপটির ক্ষমতার ভারসাম্য নষ্ট করার যেকোনো প্রচেষ্টা তারা পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে তুর্কি সাইপ্রাসিদের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে।
এ বিষয়ে তীব্র উদ্বেগ জানানোর পর আইএএফ প্রেসিডেন্ট জশ রেইনস্টাইন তুরস্ককে দুই দেশের ‘সাধারণ শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন