প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় (বিসি) একের পর এক শক্তিশালী ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাসের কারণে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে গাছ চাপা পড়ে একজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এর পাশাপাশি, দুটি গাড়ি গাছের নিচে আটকা পড়ে এবং লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার (৭ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে সারের হাইওয়ে-১০-এর ১৮২ ও ১৮৪ স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় একটি বড় গাছ ও বিদ্যুতের তার দুটি গাড়ির ওপর ভেঙে পড়ে। এই ঘটনায় একটি গাড়িচালক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর গাড়িচালক সামান্য আহত হন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎবিভাগের কর্মীরা উদ্ধার ও নিরাপত্তার কাজে অংশ নেন। দুর্ঘটনার পর মহাসড়কটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়।
বিসি হাইড্রোর তথ্য অনুযায়ী, ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকাকালে রোববার রাত ১টার দিকে প্রদেশজুড়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। রোববার সকাল ৭টা পর্যন্ত প্রায় ৬৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সারে, ডানকান, পোর্ট হার্ডি ও প্রিন্স জর্জ এলাকায় ক্ষয়ক্ষতি ছিল বেশি।
এদিকে, ভ্যাঙ্কুভার আইল্যান্ডে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার, প্রিন্স জর্জে ৮০ কিলোমিটার এবং লোয়ার মেইনল্যান্ডে ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বয়ে যায়। ঝড়ে গাছপালা ভেঙে বিদ্যুতের লাইন ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে।
বিসি হাইড্রোর কর্মীরা দিনরাত কাজ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে কিছু এলাকায় বিদ্যুৎ পুনঃস্থাপনে সময় লাগতে পারে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরপর কয়েকটি শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বিসি উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার নতুন করে আরেকটি ঝড়ের আশঙ্কা রয়েছে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে অন্তত ১০ মিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন