প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা এবং অর্জনের তথ্য একত্রিত করার জন্য এবং পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করার উদ্দেশ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হয়েছে। ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ নামক এই প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজহার আলী।
এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনায় সহায়তা প্রদান করা এবং গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নে অবদান রাখা। প্ল্যাটফর্মটিতে রুয়েটের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, উচ্চশিক্ষা, গবেষণার আগ্রহ, অভিজ্ঞতা ও অর্জন সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা জানতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কোথা থেকে স্নাতকোত্তর বা পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। ফলে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও সম্ভাব্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
শিক্ষার্থীরা তাদের পছন্দের গবেষণার বিষয় অনুযায়ী রুয়েটের সংশ্লিষ্ট শিক্ষকদের খুঁজে দেখতে সক্ষম হবেন। নির্দিষ্ট বিষয়ে গবেষণা করতে আগ্রহী শিক্ষার্থীরা ওই বিষয়ে কাজ করা শিক্ষকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবেন। এতে গবেষণার বিষয় নির্বাচন, সংশ্লিষ্ট শিক্ষকের গবেষণাক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়া এবং সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়ক খুঁজে পাওয়ার প্রক্রিয়াও সহজতর হবে বলে দাবি করেছেন উদ্যোক্তা শিক্ষার্থী আজহার আলী।
প্ল্যাটফর্মটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শিক্ষক রিভিউ। অনেক সময় শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকদের কাছে পাঠদান পদ্ধতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা বা পরামর্শ জানাতে সংকোচ বোধ করেন। এই ক্ষেত্রে, প্ল্যাটফর্মটি তাদের মতামত জানানোর বিকল্প মাধ্যম হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীরা শিক্ষকদের পাঠদানের ইতিবাচক দিক তুলে ধরে প্রশংসা করার পাশাপাশি গঠনমূলক মতামতের মাধ্যমে উন্নতির ক্ষেত্রগুলোও চিহ্নিত করতে পারবেন।
উদ্যোক্তার মতে, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সহায়তা করতে পারে। শিক্ষার্থীদের গঠনমূলক মতামত শিক্ষকদের পাঠদান পদ্ধতি পর্যালোচনা ও উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে পারে। তার মূল লক্ষ্য শুধুমাত্র শিক্ষকদের মূল্যায়ন করা নয়; বরং তাদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য একত্রিত করে শিক্ষার্থীদের উপকৃত করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখা।
পরিচয় প্রকাশ না করে রিভিউ দেওয়ার ব্যবস্থা প্ল্যাটফর্মটিতে রয়েছে। রিভিউদাতার নামের পরিবর্তে ওয়েবসাইটে ‘এনোনিমাস স্টুডেন্ট’ প্রদর্শিত হয়। উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার জন্য পরিচয় গোপন রেখে মতামত প্রকাশের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে আর্গন২আইডি ও ইউজার-সেন্ট্রিক সিক্রেট প্রাভেসি মেকানিজম নিয়ে কাজ করা হয়েছে, যেখানে আজহার আলী তার বন্ধুর কারিগরি সহায়তা পেয়েছেন।
এ বিষয়ে প্ল্যাটফর্মের উদ্যোক্তা ও রুয়েট শিক্ষার্থী মো. আজহার আলী বলেন, "রুয়েটের শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে তথ্য এক জায়গায় এনে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করাই আমার মূল লক্ষ্য ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহের গবেষণাক্ষেত্র অনুযায়ী শিক্ষক খুঁজে পাবেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও ধারণা পাবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখতে পারে।"
প্রজেক্টটির ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো সম্পর্কে জানার জন্য গিটহাবে একটি প্রকাশ্য রিপোজিটরি রাখা হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গ ওপেন-সোর্স প্রকল্প নয়; গুরুত্বপূর্ণ কিছু কারিগরি বাস্তবায়ন প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ রুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক বা অনুমোদিত কোনো প্ল্যাটফর্ম নয়। এটি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর উদ্যোগে তৈরি একটি স্বতন্ত্র ডিজিটাল প্রকল্প। শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জনের তথ্য সহজলভ্য করা এবং পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখাই এর উদ্দেশ্য।
প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ এর ওয়েবসাইটে (https://www.ruetfacultyreview.site)। প্রকল্পের প্রকাশ্য ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো দেখা যাবে ‘গিটহাব রিপোজিটরিতে’ (https://github.com/Ajhar146/ruet-faculty-review-public.git)।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন