প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কাশিমপুর এলাকায় তুরাগ নদীতে নিখোঁজ যুবক রাসেলের লাশ উদ্ধার করা হয়েছে। ৪২ ঘণ্টার দীর্ঘ সময় পর সোমবার দুপুরের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার নামাবাজার এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহত যুবক রাসেল (২২) কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ী এলাকার ফজল আলীর ছেলে। এর আগে, শনিবার বিকেলে কাশিমপুরের নামাবাজার ৬ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার তুরাগ নদীতে নৌভ্রমণের সময় দুর্ঘটনার শিকার হন যুবক রাসেল। ঈদের ছুটিতে কয়েকজন বন্ধু মিলে তুরাগ নদীতে নৌভ্রমণে বের হন। নৌকা থেকে ডিজে গান বাজিয়ে আনন্দ-উল্লাস চলছিল। এক পর্যায়ে রাসেল ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তিনি পানির নিচে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার পরপরই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। ঘটনার পর উদ্ধারকারী ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছু সময় নেয়। অবশেষে রবিবার সকালে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজ যুবককে উদ্ধার করতে ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় জেলে, নৌকার মাঝি ও এলাকাবাসীও নিখোঁজ যুবকের সন্ধানে সহায়তা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার এসআই আরিফ হোসেন জানালেন, নৌভ্রমণের সময় নৌকা থেকে পড়ে যুবক রাসেল নিখোঁজ হন। সোমবার দুপুর পৌনে একটার দিকে স্থানীয় লোকজন ধনঞ্জয়খালি নামাবাজার এলাকায় তুরাগ নদীতে লাশ ভাসতে দেখেন এবং নিহতের পরিবারকে খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন। এর পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। বেলা তিনটার দিকে কাশিমপুর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন