প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাবু রাঢ়ী (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বাবু রাঢ়ী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সাদেকপুর গ্রামের দুলাল রাঢ়ীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে নিজস্ব জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে বাবু রাঢ়ীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ৮ থেকে ৯ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের বাবা দুলাল রাঢ়ী অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন