প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার জেলার মহেশখালীতে মাতাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলার রায় আগামী ৩০ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই তারিখ নির্ধারণ করেন।
বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের সময় ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দেখিয়ে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের নামে ভুয়া চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বলেন, “মামলার যুক্তি তর্ক শুনানি শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।” তিনি আরও জানান, “সেসময় কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ আজ আদালতে উপস্থিত ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তখনকার কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমীনসহ বাকি ১১ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।” এই মামলায় মোট ৩৬ জন আসামির মধ্যে ২০ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন, জানিয়ে আইনজীবী মোকাররম হোসেন বলেন, “বাকি ১৬ জনের বিচার কাজ চলছে।”
২০১৯ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে এই মামলায় অভিযোগ গঠন করা হয়। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়।
২০১৪ সালের নভেম্বর মাসে সেসব জমির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্তদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য পাঁচটি চেকও ইস্যু করা হয়। ওই ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন কক্সবাজারের এক ব্যবসায়ী। এর পর আদালতের আদেশে তদন্ত শুরু করে দুদক।
তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল দুদক মো. রুহুল আমীনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এতে ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়।
মামলার আসামিদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারী, জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চাষি সেজে ক্ষতিপূরণ নেওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন