প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামে সংখ্যালঘু একটি পরিবারের বিরুদ্ধে ২০ শতাংশ পৈতৃক সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় হুমায়ুন গাজীর বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারটি অভিযোগ করেছে যে, উন্নত ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক ভিটা তুলে নেয়া হয়েছে। বর্তমানে তারা ওই এলাকা ছেড়ে নেছারাবাদ উপজেলার মাদ্রা এলাকায় বসবাস করছেন।
ভুক্তভোগী নারায়ণ চন্দ্র সিকদারের (৭৭) মেয়ে অঞ্জনা সিকদার সাংবাদিকদের অভিযোগ করেন, তেতলা ও হারতা এলাকার সীমান্তবর্তী স্থানটিতে তাদের পূর্বপুরুষের শেষ সম্বল ২০ শতাংশ পৈতৃক সম্পত্তি ছিল। তার বক্তব্য অনুযায়ী, হুমায়ুন গাজী ছলচাতুরীর মাধ্যমে তার বাবা নারায়ণ চন্দ্র সিকদারের কাছ থেকে ওই সম্পত্তি লিখে নেয়। তবে তাদের দাবি, সম্পত্তির বিনিময়ে কোনও অর্থ দেওয়া হয়নি।
অঞ্জনা সিকদার দাবি করেন যে, সম্পত্তি লিখে নেওয়ার পর তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। যখন তারা সম্পত্তি ফেরত অথবা সম্পত্তির মূল্য দাবি করেন, তখন হুমায়ুন গাজী তাদের প্রতি হুমকি দিয়েছেন। এমনকি বর্তমানে তারা নেছারাবাদ উপজেলার মাদ্রা এলাকায় বসবাস করে থাকলেও সেখানে গিয়ে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, বিগত সরকারের আমলে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে অনেকের কাছে অভিযোগ করার পরও তারা কোনও প্রতিকার পাননি। তাদের চাওয়া, তাদের পৈতৃক সম্পত্তি ফেরত চাই। যদি সম্পত্তি ফেরত দেওয়া সম্ভব না হয়, তবে ন্যায্য মূল্য পরিশোধের দাবি করা হচ্ছে।
অঞ্জনা সিকদার বলেন, “আমরা হুমায়ুন গাজীর হাত থেকে মুক্তি চাই। আমাদের পৈতৃক সম্পত্তি ফেরত চাই, অথবা সম্পত্তির ন্যায্য মূল্য চাই।”
এদিকে, স্থানীয়ভাবে হুমায়ুন গাজীর বিরুদ্ধে জমি দখল এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে বলেও জানান ভুক্তভোগী পরিবার।
অভিযোগের বিষয়ে হুমায়ুন গাজীর বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগী পরিবারটি বিষয়টি তদন্ত করে তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন