প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম নগরীর জনবহুল ও সুবিধাবঞ্চিত এলাকায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ১০০টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম ওয়াসা। এই বুথগুলো পাইলট প্রকল্পের আওতায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে।
এ উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ওয়াসার বোর্ড কক্ষে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশ-এর মধ্যে।
চুক্তিতে চট্টগ্রাম ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম এবং ওয়াটারএইড বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম মন্তব্য করেন, চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশ শুধুমাত্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করছে না; বরং নগরীর পানি সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জনবান্ধব করার জন্য আগামী তিন বছরের একটি যৌথ পথচলার সূচনা করছে। নিম্ন আয়ের জনগণের জন্য, পানি সংকটাপন্ন এলাকা এবং নিরাপদ খাবার পানির সীমিত সুবিধাপ্রাপ্ত মানুষের জন্য এই অংশীদারিত্ব অত্যন্ত সময়োপযোগী বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পানির এটিএম বুথ কেবল পানি সরবরাহের একটি ব্যবস্থা নয়; এটি মানুষের প্রয়োজনের জায়গায় নিরাপদ পানি পৌঁছে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। বিশেষ করে যেসব মানুষ প্রতিদিন পানি সংগ্রহে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করেন, তাদের জন্য এই উদ্যোগ বাস্তব উপকার বয়ে আনবে।
ওয়াটারএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী জানান, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে চট্টগ্রাম ওয়াসা ও ওয়াটারএইড বাংলাদেশ-এর মধ্যে সহযোগিতা আরও জোরদার হয়েছে। এর সুফল সরাসরি চট্টগ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে এবং ওয়াটারএইড বাংলাদেশ-এর প্রোগ্রাম অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ, টেকনিক্যাল ডিরেক্টর মো. তাহমিদুল ইসলাম ও জোনাল লিড বাবুল বালা এ সময় উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন