প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হবিগঞ্জে অবৈধভাবে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা সরকারি চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তিনটি ইজিবাইকও জব্দ করা হয়েছে, যা চাল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের আনোয়ারপুর পয়েন্ট থেকে চালগুলো জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাজী মোহাম্মদ সবুজ মিয়ার ছেলে মো. ইমন মিয়া, একই গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. আল আমিন মিয়া এবং ছোট বহুল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. ইব্রাহীম মিয়া।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের খবর পেয়ে শহরের আনোয়ারপুর পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় তিনটি টমটম ইজিবাইকে থাকা ৫৮ বস্তা সরকারি চালসহ তিন চালককে আটক করা হয়। পরে চাল ও আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়।
হবিগঞ্জ সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনধন চন্দ্র দাস জানিয়েছেন, খবর পাওয়ার পর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মহিবুর রহমানকে সংশ্লিষ্ট ডিলারের দোকানে খোঁজ নিতে পাঠানো হয়। তিনি ডিলারের রেজিস্টার পরীক্ষা করে চালের মজুত সঠিক রয়েছে বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে রিচি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এমদাদুল হক হিরো বলেন, সরকারি নিয়ম অনুযায়ী তিনি ভোক্তাদের মধ্যে চাল বিতরণ করেছেন। তবে পরে ভোক্তারা সেই চাল কী করেছেন, তা তার জানা নেই।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল পাচারের সময় তিনটি ইজিবাইকসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের মূল হোতাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন