প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার লাকসামে লাইনচ্যুত হওয়া কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি উদ্ধার করা হয়েছে প্রায় ১৬ ঘণ্টা পর। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রিলিফ ট্রেনের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন হলেও দুর্ঘটনাকবলিত রেললাইন মেরামতের কাজ এখনও চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সকাল ১০টার মধ্যে সংস্কারকাজ শেষ হয়, তবে ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটী স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটলেও বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। বৃহস্পতিবার ভোরে বগি উদ্ধারের কাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত ও প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন না হওয়ায় আপ লাইনে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, রেললাইন মেরামতের জন্য খোলা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, নাওটী স্টেশনের উত্তর পাশে লাইনচ্যুতির ঘটনাটি ঘটে। তাদের দাবি, রেললাইনে সংস্কারকাজ চলার বিষয়টি কর্ণফুলী কমিউটারের চালককে পূর্বে জানানো হয়নি।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার লাকসাম উপজেলার নাওটী রেলস্টেশনের আউটার এলাকায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনাস্থলের আপ লাইনে মেরামতের কাজ চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কারকাজ ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঢাকা অভিমুখী আপ লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন