প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার এবং সাবেক স্কটিশ রাগবি খেলোয়াড় থম ইভান্স তাদের সাত বছরের সম্পর্কের সমাপ্তি ঘটিয়েছেন। তাদের বাগদানও ভেঙে গেছে। থম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।
থম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা প্রকাশ করে লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, নিকোল ও আমি আর একসঙ্গে নেই।’
তিনি সাত বছরের সম্পর্কের স্মৃতি উল্লেখ করে আরও জানান, ‘ভালোবাসা, প্রতিশ্রুতি এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কাটানো সাত বছরের পর এই সময়টা আমার জন্য ভীষণ কঠিন।’
থমের বক্তব্য থেকে বোঝা যায়, নিকোলের সিদ্ধান্তে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। তিনি জানান, বিচ্ছেদটি তার প্রত্যাশিত ছিল না। তবে নিকোলের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন এবং তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানান।
বিচ্ছেদের কারণ সম্পর্কে থম বিস্তারিত কিছু জানাননি। নিকোলও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
যেভাবে পরিচয় ও প্রেম
নিকোল ও থমের পরিচয় ঘটে ২০১৯ সালে ‘দ্য এক্স ফ্যাক্টর’ অনুষ্ঠানের মাধ্যমে। ওই অনুষ্ঠানে নিকোল বিচারকের দায়িত্ব পালন করছিলেন, আর থম প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২০ সালের জানুয়ারিতে গোল্ডেন গ্লোবসের একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাদের। এরপর করোনাকালেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন।
২০২৩ সালের জুনে পর্তুগালে ছুটি কাটানোর সময় থম নিকোলকে বিয়ের প্রস্তাব দেন। পরে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। বিয়ের অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও তাদের পরিকল্পনা ছিল। নিকোলের ইচ্ছা ছিল, নিজের জন্মস্থান হাওয়াইয়ে বিয়ের আয়োজন করবেন। এরপর ইউরোপে আরেকটি সংবর্ধনার পরিকল্পনাও ছিল।
নিকোল বিয়ের পাশাপাশি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। ২০২৪ সালে ‘দ্য সানডে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সন্তান নেওয়ার জন্য নিজের ব্যস্ত সময়সূচি থেকে সময় বের করতে হবে। মা হওয়ার জন্য তিনি অপেক্ষা করতে পারছেন না বলেও জানিয়েছিলেন।
থমের সঙ্গে সম্পর্কের আগে নিকোল আরও কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। রক ব্যান্ড ৩১১-এর গায়ক নিক হেক্সামের সঙ্গে তার বাগদান হয়েছিল। এ ছাড়া ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের সঙ্গে প্রায় আট বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে বুলগেরিয়ান টেনিস খেলোয়াড় গ্রিগর দিমিত্রভের সঙ্গেও প্রায় তিন বছর সম্পর্ক ছিল এই গায়িকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন