প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এইচআর প্রফেশনালদের প্রতি আহ্বান জানিয়েছেন, মেধাবীদের চিহ্নিত করে তাদের প্রতিভা ও দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখতে। তিনি উল্লেখ করেন, "ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি।" এই প্রক্রিয়ায় মেধাবীদের যথাযথ মূল্যায়ন ও বিকাশে মানবসম্পদ পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ শনিবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO) আয়োজিত ‘৮ম জাতীয় মানবসম্পদ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: ভবিষ্যতের জন্য দক্ষতার পুনর্গঠন’ এবং এতে তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয় প্রযুক্তি ও ডিজিটালাইজেশনকে উৎপাদন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাণিজ্য ও জনপ্রশাসনসহ সব ক্ষেত্রে পরিবর্তন আনছে। প্রযুক্তির অগ্রগতি চালিকাশক্তি হলেও প্রকৃত অগ্রগতি সৃষ্টি করে মানুষ। তাই প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৮ দশমিক ৫ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে এ হার প্রায় ২৫ শতাংশ। এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, "শুধু অধিকসংখ্যক স্নাতক তৈরি নয়, বরং কর্মসংস্থান উপযোগী, উৎপাদনশীল ও উদ্ভাবনী দক্ষতাসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।" এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের অঙ্গীকার করা হয়েছে। এই অঙ্গীকার বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
ইসরায়েল ও জার্মানির উদাহরণ তুলে ধরে উপদেষ্টা বলেন, গবেষণা, উন্নত প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদে বিনিয়োগ একটি দেশের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্পসহ দেশের বিভিন্ন উৎপাদন খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি, স্মার্ট উৎপাদনব্যবস্থা, ডিজিটাল সরবরাহব্যবস্থা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মান নিয়ন্ত্রণের ব্যবহার বাড়ালে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সফটওয়্যার উন্নয়ন, সাইবার নিরাপত্তা, বিজনেস প্রসেস আউটসোর্সিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবায় দেশের সক্ষমতা বাড়াতে হবে। আন্তর্জাতিক শ্রমবাজারে শ্রমশক্তি সরবরাহের পাশাপাশি দক্ষ পেশাজীবী, প্রযুক্তিসেবা ও উদ্ভাবনের ক্ষেত্রেও বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। গ্রামীণ তরুণদের জন্য ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
মানবসম্পদ উন্নয়নে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথমত, শিক্ষা ও কর্মক্ষেত্রে ধারাবাহিক প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ব্যক্তিগত গোপনীয়তা, ন্যায়সংগত অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি সুরক্ষিত থাকে। তৃতীয়ত, প্রযুক্তিনির্ভর পরিবর্তনের পাশাপাশি মানবিক নেতৃত্ব, সততা, সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে হবে।
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অসাধারণ মেধা, দক্ষতা ও দূরদর্শিতা একজন মানুষকে একটি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারের সক্ষমতা দেয়। তাই যোগ্য ও মেধাবী জনবল চিহ্নিত করা, তাদের দক্ষতা বিকাশ এবং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার উপযোগী কর্মপরিবেশ তৈরি করা মানবসম্পদ পেশাজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, অর্থনৈতিক বহুমুখীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগকে সড়ক, বন্দর, বিদ্যুৎ ও অন্যান্য ভৌত অবকাঠামোতে বিনিয়োগের মতোই গুরুত্ব দিতে হবে। আমাদের এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক তরুণের দক্ষতা অর্জনের সুযোগ থাকবে, প্রত্যেক কর্মী কর্মজীবনে নতুন দক্ষতা অর্জন করতে পারবেন এবং প্রতিটি প্রতিষ্ঠান উদ্ভাবন ও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে দেশি-বিদেশি মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক খ্যাতনামা বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—যুক্তরাজ্যের মাইকেল এ. পটার ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মি. মাইকেল এ. পটার, কানাডার প্রফেসর ড. ড্যানিয়েল ডব্লিউ. লান্ড, ভারতের আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (IIM) সাবেক অধ্যাপক ও টিভিআরএলএসের (TVRLS) চেয়ারম্যান প্রফেসর ড. টি. ভি. রাও, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের (NIPM) সাবেক জাতীয় সভাপতি ড. এম. এইচ. রাজা, ভারতের ইন্ডিয়ান সোসাইটি ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের (ISTD) কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান মি. সুরিত শোম, শ্রীলঙ্কার চার্টার্ড ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্টের (CIPM) সভাপতি ড. নিল বোগাহালান্দে, শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ও CIPM-এর সাবেক সভাপতি প্রফেসর ড. অজন্তা ধর্মাশিরি এবং ফিলিপাইনের প্রফেসর ড. জুড উইলিয়ামস জেনিলো।
উল্লেখ্য যে, ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন (FBHRO) বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক অলাভজনক ২৫টি সংস্থার শীর্ষ সংগঠন। দেশের মানবসম্পদ পেশাজীবীদের প্রতিনিধিত্ব, নীতিনির্ধারণে ভূমিকা রাখা এবং পারস্পরিক নেটওয়ার্কিং ও সহযোগিতা জোরদারে সংগঠনটি কাজ করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন