প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তটি সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। তদন্তের পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জামায়াতের সব পর্যায়ের নেতাকর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা চলাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জানান, ডা. ইসমাইল তাদের সঙ্গে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে দলের দুই পক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির অভিযোগ ওঠে। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
তবে ডা. ইসমাইল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তিনি কখনো জামায়াতের কর্মী ছিলেন না। তবে তিনি সংগঠনটির শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং ইসলামী ছাত্রশিবির করতেন বলে উল্লেখ করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহসভাপতির পদ থেকে ডা. ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিশে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন