প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরার শ্রীপুর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে মারা গেছেন আলমগীর লস্কর (৪০) ও বিধান কুমার বিশ্বাস (২৫) নামের দুই যুবক। শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে।
নিহত আলমগীর লস্কর সব্দালপুর ইউনিয়নের বাকেরবাও গ্রামের আজম লস্করের পুত্র। অপরদিকে, বিধান কুমার বিশ্বাস মালদা গ্রামের বিনয় বিশ্বাসের ছেলে।
স্বজনদের দাবি, বিজয়া দশমীর রাতে উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দিরের মেলায় গিয়ে তারা বন্ধুদের সঙ্গে অ্যালকোহলযুক্ত মদ পান করেন। এরপর দুজনেরই শারীরিক অবস্থার অবনতি ঘটে।
স্বজনরা জানান, অসুস্থ অবস্থায় আলমগীরকে তার বন্ধুরা বাড়িতে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিধানকে রাতেই অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু ঘটে।
আলমগীরের বাবা আজম লস্কর জানান, পূজার মেলায় ঘুরতে গিয়ে তার ছেলে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে মদ্যপানের বিষয়টি জানান। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিধানের কাকিমা সুপ্রিয়া সাহা জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদ পান করার পর বিধান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন বলেন, দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী মিয়া জানান, অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন