প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সুন্দরগঞ্জে মা ও ছেলেকে হত্যার ঘটনায় আনন্দ বাবু বাদল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক এ তথ্য জানান। এর আগে বুধবার দিবাগত রাতে পঞ্চগড় থেকে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া বাদল সুন্দরগঞ্জ উপজেলার দুলাল গ্রামের মোখলেসুর রহমান ওরফে বালাজুলের ছেলে। তিনি এ হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।
সংবাদ সম্মেলনে রেজাউল হক বলেন, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে নিহত নারী আইনুর নাহার আঁখির সঙ্গে রেলওয়ে কর্মচারী আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। আব্দুর রাজ্জাক বামনডাঙ্গা রেলস্টেশনে কর্মরত থাকাকালে প্রধান অভিযুক্ত শাহিনা বেগমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাকে দ্বিতীয় বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর দুই স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস বৈঠকও অনুষ্ঠিত হয়।
সালিসের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্জাক তার প্রথম স্ত্রীকে তিন সন্তানসহ বামনডাঙ্গায় ভাড়া বাসায় পাঠান। পরবর্তী সময়ে বামনডাঙ্গা থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখিকে তিন সন্তানসহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন।
এক প্রশ্নের উত্তরে এসআরবি মুখপাত্র জানান, শাহিনা বেগমের সঙ্গে প্রতিবেশী আনন্দ বাবু বাদলের পরকীয়া সম্পর্ক ছিল। এটি আঁখি জেনে যান কিংবা দেখে ফেলেন। এই কারণে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৭ নভেম্বর বিকেলে আঁখি ও তার শিশু ছেলে আদিলকে শ্বাসরোধে হত্যা করা হয়। সন্ধ্যায় আঁখির বড় মেয়ে বাইরে থেকে বাড়িতে ফিরে মা ও ভাইয়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
এ ঘটনায় ১৯ নভেম্বর নিহত আঁখির বাবা আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
রেজাউল হক আরো জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় এসআরবি তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের ময়দানদিঘী গ্রামে অভিযান চালিয়ে আনন্দ বাবু বাদলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, হত্যার পরপরই মামলার প্রধান আসামি শাহিনা বেগমকে আটক করে পুলিশ। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন