প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষাপটে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং অভিযোগের ভিত্তিতে রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের ৪ সদস্যের একটি টিম অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিদর্শক আবু ছাদেক।
অভিযানের সময় দুদক টিম রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার অফিসে গিয়ে তার কাজের টেন্ডার প্রক্রিয়া এবং অন্যান্য অনিয়ম সম্পর্কে আলোচনা করেন। তারা দপ্তরের ওয়াশ ব্লকের কাজসহ অন্যান্য প্রকল্পের নথি যাচাই করেন। এ সময় নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া সকল প্রয়োজনীয় নথি দিতে পারেননি বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। তবে কিছু কাগজপত্র দুদক টিম মাঠ পর্যায়ে যাচাই করার জন্য নিয়ে যায়। এছাড়া, আরো কিছু নথি দ্রুত সময়ের মধ্যে দুদকের কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই অভিযানে দুদকের উপ-সহকারী পরিচালক মামুন, উপ-সহকারী পরিচালক ছরওয়ার হোসেন, এসআই সাজিবুল ইসলাম মাসুদসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুদকের কর্মকর্তারা জানান, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে টেন্ডার কার্যক্রমে নিম্ন দরদাতাকে কাজ না দেওয়া এবং অন্য ঠিকাদারকে কাজ প্রদান সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে কিছু বিষয়ে সত্যতা পাওয়া গেলেও মাঠ পর্যায়ে নথি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন