প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন ঘুস নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসীমউদ্দীন সড়কের পাকার মাথা এলাকায় ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেন।
এ সময় তার এক সহযোগী জরিমানার পরিমাণ কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেন। ব্যবসায়ীরা দাবি করেছেন, পরে ওই টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তবে ঘুসের অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জানা যায়, এই ঘটনার ফলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে এবং শারীরিকভাবে হেনস্তা করেন। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বলেন, ফুটপাতের দোকান বসানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজনকে জরিমানা করেন। জরিমানার রসিদ দেওয়ার বিষয়টি নিয়ে দোকানিদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন