প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এশিয়ান গেমসে প্রতিকূল আবহাওয়া এবং লজিস্টিকসের অব্যবস্থাপনার ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা অব্যাহত ছিল। তবে মঙ্গলবার মাঠের ভেতরের হতাশা ও মেঘ কেটে গেছে বেশ কয়েকজন অলিম্পিক চ্যাম্পিয়নের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে। একই সঙ্গে, এই মহাদেশীয় ক্রীড়াযজ্ঞের ইতিহাসে প্রথমবারের মতো সার্ফিং ইভেন্টে সোনা জিতে নিয়েছে স্বাগতিক দেশ।
দক্ষিণ কোরিয়ার আন সে-ইয়ং ইনডোর ব্যাডমিন্টনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন আন সে-ইয়ং এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বার একক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে রেকর্ড স্থাপন করেছেন। ফাইনালে তিনি জাপানের ঘরের মাঠের তারকা আকানে ইয়ামাগুচিকে ২১-১৭, ২১-৯ ব্যবধানে সরাসরি সেটে পরাজিত করেন। খবর রয়টার্স।
প্রতিযোগিতার দশম দিনে জাপানের আইচি-নাগোয়া গেমসের আয়োজকরা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন। দক্ষিণ জাপানের দিকে ধেয়ে আসা শক্তিশালী টাইফুন ক্রমশ দুর্বল হয়ে ঝোড়ো বৃষ্টিতে রূপ নিয়ে দূরে সরে যাওয়ায় আয়োজক কমিটিতে স্বস্তি ফিরে এসেছে। তবে টাইফুনের শঙ্কা কাটলেও আউটডোর গেমগুলো অবিরাম বর্ষণের হাত থেকে রক্ষা পায়নি।
এদিকে, ক্রিকেটে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে। অবিরাম বৃষ্টির কারণে সম্পূর্ণ ভিজে কাদা হয়ে যাওয়া কোরোগি স্পোর্টস পার্কের মাঠে পুরুষ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
ফলে কোনো খেলা ছাড়াই র্যাংকিংয়ের সুবিধা নিয়ে সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর ফলে ক্রিকেটপ্রেমীরা মাঠের লড়াই দেখা থেকে বঞ্চিত হয়েছেন। এর আগের দিনও একই কারণে ভারত ও পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছিল।
বর্তমান চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। অন্য সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আবহাওয়ার পাশাপাশি আয়োজকদের অব্যবস্থাপনার কারণে অ্যাথলেটদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে।
পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার ভলিবল দলকে ভুল বাসে করে অন্য ভেন্যুতে নিয়ে যাওয়ার কারণে অনুশীলন ও খেলা শুরু হতে দেরি হয়। এই লজিস্টিকসের ভুলের জন্য এশিয়ান গেমসের আয়োজক কমিটি আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন