প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৯৯৫ সালে মুক্তি পায় ‘বীরগতি’ সিনেমা। নায়িকা পূজা দাদবালের জন্য যেন রুপালি পর্দার একটি নতুন দরজা খুলে গিয়েছিল। মাত্র ১৭ বছর বয়সে তিনি সালমান খানের বিপরীতে বলিউডে প্রবেশ করেন। তবে প্রত্যাশিত সাফল্য তার কাছে আসেনি। জীবনযাত্রা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে না গিয়ে, পরে তিনি অভিনয় ছেড়ে গোয়ায় সংসার পাতেন।
২০১৮ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে, সালমান তার চিকিৎসার খরচে সাহায্য করেন।
‘বীরগতি’ সিনেমাটি বক্স অফিসে সেভাবে সফলতা অর্জন করতে পারেনি। পূজা ভেবেছিলেন এরপর একের পর এক কাজ আসবে, কিন্তু তা হয়নি। অভিনয়ের পাশাপাশি ছোটপর্দায় কাজ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও দর্শকদের নজর কাড়তে পারেননি। তাই এক সময় অভিনয় জগত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন পূজা।
বিয়ের পর গোয়ায় সংসার গড়েন। সেখানে স্বামীর সঙ্গে একটি ‘ক্যাসিনো’ পরিচালনার কাজে যুক্ত হন। বলিউডের আলো, ক্যামেরা, শুটিং— সবকিছু থেকে অনেক দূরে গিয়ে নতুন জীবন শুরু করেন। কিন্তু কয়েক বছর পর আচমকাই অন্ধকার নেমে আসে।
২০১৮ সালে যক্ষ্মায় আক্রান্ত হন পূজা। ফুসফুসে একাধিক সমস্যা দেখা দেয়। ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকেন তিনি। চিকিৎসার খরচ জোগাড় করাও কঠিন হয়ে ওঠে। পরিস্থিতি আরও জটিল হয় যখন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সেই সময়ে স্বামী ও শ্বশুরবাড়ির কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি তিনি। শেষ পর্যন্ত প্রায় নিঃস্ব অবস্থায় মুম্বাইয়ে ফিরে আসেন সালমানের নায়িকা।
পাশে দাঁড়ানোর মতো মানুষ ছিল হাতেগোনা। এক শুভাকাঙ্ক্ষীর সাহায্যে সরকারি হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসার খরচ বাড়তে থাকে। তখনই পুরোনো পরিচিতদের কাছে সাহায্যের আবেদন জানান অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে পূজা তার অসহায়তার কথা জানান। বলিউডে যাদের সঙ্গে একসময় কাজ করেছিলেন, তাদের কাছেও সাহায্যের আবেদন করেন। সেই ভিডিও নজর এড়ায়নি সালমান খানেরও। পূজার দুঃসময়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।
জানা গেছে, পূজার চিকিৎসার খরচ ছয় মাস ধরে বহন করেছিলেন সালমান। রবি কিশনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। জীবনের সবচেয়ে কঠিন সময়ে সেই সহায়তা পূজার কাছে নতুন করে বেঁচে থাকার অবলম্বন হয়ে দাঁড়ায়। পরে সালমান খানের সাহায্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পূজা বলেছিলেন— ‘আজ আমি যে দ্বিতীয় জীবন পেয়েছি, তা ওর জন্যই। সালমানের কাছে সারাজীবন কৃতজ্ঞ।'
তবে সুস্থ হয়ে ওঠার পরও তার জীবন খুব একটা মসৃণ হয়নি। ২০২০ সালে আবার অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু সেভাবে সুযোগ আসেনি। সংসার চালানোর জন্য এখন টিফিন পরিষেবার ব্যবসা শুরু করেছেন পূজা দাদবাল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন