প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মো. আশিক সাঈদ (পিপিএম)।
শনিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চল ও শ্রমিক অধ্যুষিত গাজীপুর মহানগর পুলিশের নেতৃত্বে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে।
দায়িত্ব গ্রহণের সময় জিএমপি সদর দপ্তরে নবাগত কমিশনারকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর জিএমপির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর তিনি মহানগর পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রম জোরদারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর স্থলাভিষিক্ত হয়ে জিএমপির কমিশনারের দায়িত্ব পালন করে আসা মো. ইসরাইল হাওলাদার পদোন্নতি পেয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
শিল্পকারখানা, শ্রমিক ও বিপুল জনসংখ্যার নগরী গাজীপুরে নতুন কমিশনারের সামনে রয়েছে বহুমুখী চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, কারখানাকেন্দ্রিক উত্তেজনা, অপরাধ, মাদক ও ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মহাসড়ক ও নগরের অভ্যন্তরীণ সড়কের যানজট এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ।
বিশেষ করে শ্রমিক অসন্তোষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ, শ্রমিক ও মালিকপক্ষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধী চক্রের তৎপরতা দমন এবং শিল্পকারখানায় স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা, থানায় হয়রানিমুক্ত পুলিশি সেবা এবং অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতির প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণকে ঘিরে গাজীপুর মহানগরবাসীর প্রত্যাশা, অপরাধ দমন, শিল্পাঞ্চলের নিরাপত্তা, যানজট নিরসন ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় জিএমপি কতটা দৃশ্যমান অগ্রগতি আনতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন