প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ, শারীরিক নির্যাতন, বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণ এবং এক কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ নিন্দা জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন, "একজন সাংবাদিককে অপহরণ, শারীরিকভাবে নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।" তিনি আরও বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে কোনো সাংবাদিককে এ ধরনের নির্যাতন ও হুমকির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সাংবাদিক মহিন উদ্দিন রিপনের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, "তাকে অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়েছে।" তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বলেন, "তাঁর ধারণ করা কোনো আপত্তিকর ভিডিও বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকারী উপাদান যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, "সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।" তিনি সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে কিংবা নির্যাতন করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার অপচেষ্টা বন্ধ করার আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক মহিন উদ্দিন রিপনের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন