প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি বিখ্যাত চিত্রকর্মের নিলাম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক ইহুদি মালিকের উত্তরাধিকারীরা দাবি করেছেন, নাৎসি শাসনের সময় আর্থিক চাপের কারণে চিত্রকর্মটি বিক্রি করতে হয়েছিল। তবে, নিলামকারী প্রতিষ্ঠান সোথবি’স জানায়, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার (১৮ নভেম্বর) চিত্রকর্মটির নিলাম অনুষ্ঠিত হবে।
‘চেস্টনাটিয়ার এন ফ্ল্যুর’ (ফুলে ভরা চেস্টনাট গাছ) নামের চিত্রকর্মটি ১৮৯০ সালে ফ্রান্সের ওভের-সুর-ওয়াজ এলাকায় ভ্যান গগের দ্বারা আঁকা হয়। নিলামে এর দাম ১৮ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদি এটি এই দামে বিক্রি হয়, তাহলে এটি ভ্যান গগের শিল্পকর্মের সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়বে। পাশাপাশি, চলতি মৌসুমের সবচেয়ে দামি শিল্পকর্ম হতে পারে এটি।
দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জার্মানির প্রভাবশালী প্রকাশক স্যামুয়েল ফিশারের উত্তরাধিকারীরা চিত্রকর্মটির নিলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ১৯০৯ সালে প্যারিস থেকে এটি কিনেছিলেন ফিশার। তার উত্তরাধিকারীদের দাবি, নাৎসি শাসনের সময় আর্থিক সংকটের কারণে ১৯৩৬ সালে পরিবারটি চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়েছিল।
ফিশার পরিবারের বার্লিনভিত্তিক আইনজীবী গুনার শ্ন্যাবেল সোথবি’সের কাছে জানতে চেয়েছেন, চিত্রকর্মটি ১৯৩৬ সালে ন্যায্য বাজারমূল্যে বিক্রি হয়েছিল কিনা। তার মতে, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিবারটি বিক্রি করতে বাধ্য হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
সোথবি’স সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, চিত্রকর্মটির মালিকানার ইতিহাস নিয়ে তারা বিস্তারিত গবেষণা করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৯৩২ থেকে ১৯৩৩ সালের মধ্যে চিত্রকর্মটি আমস্টারডামের এক গ্যালারি মালিকের কাছে হস্তান্তর করা হয়। পরে ১৯৩৬ সালের জুনে এটি ৬৮ হাজার সুইস ফ্রাঁতে বিক্রি হয়।
সোথবি’স আরো জানায়, এখন পর্যন্ত পাওয়া তথ্য থেকে চিত্রকর্মটি চাপের মুখে বা ন্যায্য বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি হয়েছিল—এমন কোনো প্রমাণ মেলেনি।
তবে, প্রতিষ্ঠানটি ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে বলেও জানিয়েছে সোথবি’স। দ্য নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এ বিষয়ে দুই পক্ষের মধ্যে সোমবার নিউইয়র্কে একটি বৈঠক হওয়ার কথা ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন