প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও, প্রকৃতপক্ষে পর্যটনকেন্দ্রটি চালুর ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে, গুজবে বিভ্রান্ত হয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা না দিতে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সাজেক ভ্যালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমিতির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে পর্যটকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে এবং সাজেকের উদ্দেশে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত রিসোর্ট ও গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ তাদের ফেসবুক পেজে উল্লেখ করেছে, সাজেকবাসীর পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি চলবে। সংগঠনটি বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে পর্যটকদের সাজেকের উদ্দেশে যাত্রা না করার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাজেকের উদ্দেশে রওনা হলে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ক্ষতির সম্মুখীন হলে তার দায় ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ বহন করবে না।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়কে অবরোধ চলমান রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন