প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে কিশোরগঞ্জে শুরু হয়েছে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ। এ প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা, খাদ্যাভ্যাস এবং পুষ্টির সঙ্গে সুস্বাস্থ্যের সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে সোমবার (২১ সেপ্টেম্বর) এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার। প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ এবং কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), শিক্ষক-শিক্ষিকা, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা, তথ্য আপা, সাংবাদিক, ইমাম-পুরোহিত এবং এনজিওকর্মীসহ ৩০ জন প্রশিক্ষণার্থী। বিভিন্ন পেশার প্রতিনিধিদের এ প্রশিক্ষণে যুক্ত করার উদ্দেশ্য হল নিজ নিজ কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে পুষ্টিবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার বলেন, "সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, "শুধু একটি নির্দিষ্ট ধরনের সবজির ওপর নির্ভর না করে বিভিন্ন রঙ ও বৈচিত্র্যের শাকসবজি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।"
তিনি আরও বলেন, "বর্তমানে বাজারে প্রচলিত সাদা ফুলকপির পাশাপাশি সবুজ, হলুদ, কমলা ও বেগুনি রঙের ফুলকপিও পাওয়া যাচ্ছে। এসব সবজিতে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা শরীরের জন্য উপকারী।"
জয়নুল আলম তালুকদার আরো বলেন, "কমলা ও হলুদ রঙের ফুলকপিতে বিটা-ক্যারোটিনসহ বিভিন্ন ক্যারোটিনয়েড রয়েছে, যা শরীরে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত হয়। অন্যদিকে বেগুনি ফুলকপির স্বতন্ত্র রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখার মাধ্যমে শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণে গুরুত্ব দিতে হবে।"
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহাগ মিয়া এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষকরা সুষম খাদ্যের ধারণা, পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, দৈনন্দিন জীবনে পুষ্টির গুরুত্ব এবং বয়স ও শারীরিক প্রয়োজন অনুযায়ী খাদ্য নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি পরিবারে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টির চাহিদা পূরণে সচেতনতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
এ ছাড়া নিরাপদ খাদ্য গ্রহণ, স্থানীয়ভাবে সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উপাদানের ব্যবহার এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন পুষ্টিঘাটতি মোকাবিলার বিষয়েও প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। পরিবার ও সমাজে পুষ্টিবিষয়ক সচেতনতা তৈরিতে শিক্ষক, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা এবং এনজিওকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, পুষ্টি সম্পর্কে সঠিক ধারণার অভাব অনেক সময় মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাপনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাঠপর্যায়ে কাজ করা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পুষ্টিবিষয়ক জ্ঞান ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
তাদের আশা, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর পাশাপাশি পরিবার ও সমাজের মানুষের মধ্যে সুষম খাদ্য, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন