প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ) পূর্বাচল ও তার আশপাশের অঞ্চলে গড়ে ওঠা অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। সংগঠনটি ওয়েল কেয়ার হাউজিং, লন্ডন হাউজিং, এসেন্ট টাউন এবং আনন্দ হাউজিংসহ সব অবৈধ আবাসন প্রকল্প বন্ধ করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানায়।
শনিবার (৩১ অক্টোবর) বিএলডিএর সচিব এ কে এম নওশেরুল আলমের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি উত্থাপন করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বাচল ও আশপাশের এলাকায় সরকারের যথাযথ অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা আবাসন প্রকল্পগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
সংগঠনটির অভিযোগ, অনুমোদনহীনভাবে জমি ক্রয়-বিক্রয়, প্লট বরাদ্দ, অপরিকল্পিত ভূমি উন্নয়ন এবং আবাসন প্রকল্প পরিচালনার কারণে সাধারণ ক্রেতারা আর্থিক ও আইনি ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে সরকারের পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ আবাসন প্রকল্পের কারণে বৈধ ও নিবন্ধিত ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং আবাসন খাতে আস্থার সংকট তৈরি হচ্ছে।
এই প্রেক্ষাপটে, বিএলডিএ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও প্রশাসনের প্রতি পাঁচ দফা পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
দাবিগুলোর মধ্যে রয়েছে—অনুমোদনহীন আবাসন প্রকল্প চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অবৈধ প্লট বিক্রয় ও বরাদ্দ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা, সাধারণ ক্রেতাদের স্বার্থ ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা, অনুমোদিত আবাসন প্রতিষ্ঠানগুলোর জন্য সমান সুযোগ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি করা এবং পূর্বাচল ও আশপাশের এলাকায় পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদার করা।
বিএলডিএ মনে করে, আইন মেনে পরিচালিত আবাসন খাতের বিকাশ এবং অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ—উভয়ই দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ।
বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি পরিকল্পিত, নিরাপদ ও আইনসম্মত আবাসন খাত গড়ে তুলতে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন