প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেত্রী রাধিকা আপ্তে সব সময় সাহসী এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে, চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অপ্রয়োজনীয়ভাবে ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া—এই দুটি বিষয়কে এক করে দেখার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে এমন কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল। খবরটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমসে।
রাধিকা জানান, ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে চার-পাঁচটি সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করার পর, ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে তার সম্পর্কে একটি ধারণা তৈরি হয়। তারা মনে করেছিল, যেহেতু তিনি আগে এমন দৃশ্যে অভিনয় করেছেন, তাই পরবর্তী কাজেও সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হয়ে যাবেন।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, কোনো দৃশ্যে চুম্বনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললে অনেক সময় তাকে বলা হতো, "একটু করে নাও"। এমনকি মাত্র ১৫ সেকেন্ডের জন্য দৃশ্যটি ইম্প্রোভাইজ করার প্রস্তাবও দেওয়া হতো। বিষয়টি যে তাকে অস্বস্তিতে ফেলত, তা তিনি স্পষ্ট করেছেন।
শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, একটি অ্যাকশন দৃশ্যে শুটিং নিয়েও তার অস্বস্তিকর অভিজ্ঞতার কথা উঠে এসেছে। রাধিকা বলেন, শার্টের বোতাম না লাগিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যখন তিনি জানান, অ্যাকশন দৃশ্যে শার্ট নড়াচড়া করে সরে যেতে পারে, তখন তাকে শুধুমাত্র ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি করার প্রস্তাব দেওয়া হয়।
এমন প্রস্তাবে বিস্মিত হয়ে রাধিকা প্রশ্ন করেন, তাকে দিয়ে আসলে কী করানো হচ্ছে।
২০১৬ সালে মুক্তি পাওয়া রাধিকার সিনেমা ‘পার্চড’-এর একটি নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নিয়েও তিনি কথা বলেছেন। তার মতে, সিনেমাটি কেবল ওই একটি দৃশ্যে সীমাবদ্ধ নয়। অথচ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির অন্যান্য বিষয় ছাপিয়ে ওই দৃশ্য নিয়েই বেশি আলোচনা হওয়ায় তিনি বিস্মিত হন।
রাধিকা জানান, ‘পার্চড’-এ তার চরিত্রের প্রয়োজনে ওই দৃশ্যে অভিনয় করতে হবে, এটি তিনি আগে থেকেই জানতেন। তবে তার বক্তব্যে স্পষ্ট, গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এক বিষয়, আর অপ্রয়োজনীয়ভাবে এমন দৃশ্য যোগ করে অভিনেতাকে তাতে রাজি করানোর চেষ্টা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
বর্তমানে রাধিকা আপ্তেকে ‘লাস্ট স্টোরিজ ৩’ অ্যান্থলজি সিনেমায় দেখা যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন