প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। এই দীর্ঘ সময়ের মধ্যে ধারাবাহিকটি শুধুমাত্র একটি নাটক হিসেবে নয়, বরং দর্শকদের জন্য আনন্দ, হাসি এবং আবেগের বিশেষ অংশ হয়ে উঠেছে।
প্রতিটি চরিত্র দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শুটিং শেষের মুহূর্তে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট করেছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে থাকার কথা তুলে ধরেছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে শুরুর দিনগুলোর স্মৃতি, নিজের বেড়ে ওঠা এবং এই যাত্রায় পাওয়া অসংখ্য মানুষের ভালোবাসার গল্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’
দীর্ঘ সময়ের পরিবর্তনের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি।
আজ পঞ্চম সিজনের শুটিংও শেষ। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে! কত সকাল, কত রাত, কত অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ সব মিলিয়ে কখন যে একটি নাটক আর শুধু নাটক থাকে না, নিজের জীবনেরই অংশ হয়ে ওঠে, তা টের পাওয়া যায় না।’
স্মৃতির ভার ও বিদায়ের অনুভূতি প্রকাশ করে পলাশ লিখেছেন, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’
পোস্টের শেষাংশে নিজের স্বপ্ন দেখার দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেতা বলেন, ‘তবু কোথাও সেই গাছতলা থেকে যায়, থেকে যায় চেনা রাস্তা। কিছু মানুষের হাসির শব্দ যেন বাতাসে মিশে থাকে। আর থেকে যায় সেই ছেলেটিও, যে একদিন এই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিল। এত বছর পর ফিরে তাকিয়ে মনে হয়, গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটি আজও ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে।’
পলাশের এই আবেগঘন পোস্টে স্পষ্ট, ‘ব্যাচেলর পয়েন্ট’ তার কাছে কেবল একটি অভিনয় প্রকল্প নয়, বরং জীবনের দীর্ঘ একটি অধ্যায়। শুটিং শেষ হলেও কাবিলা চরিত্র এবং এই ধারাবাহিকের স্মৃতি যে তাঁর জীবনে বিশেষ জায়গা নিয়ে থাকবে, তা তাঁর লেখাতেই ফুটে উঠেছে। একই সঙ্গে প্রিয় ধারাবাহিকটির শুটিং শেষের খবরে আবেগাপ্লুত দর্শকরাও।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন