প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী উল্লেখ করেছেন যে, বিচার বিভাগের প্রধান লক্ষ্য হলো বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করা। তিনি বিচারকদের নির্দেশনা দেন যে, এ লক্ষ্য অর্জনের জন্য সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আজ প্রধান বিচারপতি সিলেট বিভাগে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে একটি অভিভাষণ প্রদান করেন।
সুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী আজ অভিভাষণ দেন।
সিলেটের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টের’ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে, বিভাগের চার জেলার বিভিন্ন আদালতে কর্মরত বিচারকগণ বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রধান বিচারপতি এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রধান বিচারপতি বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
একই সঙ্গে তিনি সাক্ষ্য গ্রহণ, আসামি হাজিরসহ বিচারিক কার্যক্রমের উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেন এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রধান বিচারপতি আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার জন্য বিচারকদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবোর্ডিনেট কোর্টস-এর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন