প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আফ্রিকার দেশগুলোর সঙ্গে কার্যকর ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক অর্থ পরিশোধ পদ্ধতি, ট্রেড ফাইন্যান্স এবং রপ্তানি ঋণ নিশ্চয়তার অভাবে সেই সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে না। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যাংকিং ও আর্থিক লেনদেনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সফররত ঘানার অনাবাসিক হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো এবং নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লয়ে কুপোলেইয়ের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশ ও আফ্রিকার দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, পণ্য আমদানি-রপ্তানি এবং প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ঘানার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে তাসকীন আহমেদ বলেন, আফ্রিকার দেশগুলোতে বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই সুযোগ কাজে লাগাতে ঘানা ও বাংলাদেশের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং সরকারি পর্যায়ে নীতিগত সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, ঘানার ফিনটেক, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও), সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডিজিটাল উদ্ভাবনসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা খাতের উন্নয়নে বাংলাদেশের উদ্যোক্তারা সহযোগিতা করতে পারেন। এ ক্ষেত্রে বাংলাদেশি উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হাইকমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, অটোমোটিভ এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের পণ্য আমদানি বাড়ানোর জন্য ঘানাসহ আফ্রিকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে ঘানার আগ্রহের কথা জানিয়ে হাইকমিশনার অধ্যাপক কোয়াসি আবিরি-ডানসো বলেন, ঘানার বাজারে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, ওষুধ, তৈরি পোশাক, প্যাকেটজাত খাদ্য এবং প্লাস্টিক পণ্যের ভালো চাহিদা রয়েছে।
তিনি জানান, ঘানা স্বর্ণ ও বিরল মৃত্তিকা খনিজ (রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস) উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। এসব পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা ঘানাকে সম্ভাব্য উৎস হিসেবে বিবেচনা করতে পারেন।
বাংলাদেশের জ্বালানি তেল আমদানির চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ঘানা থেকে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল আমদানির সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে আন্তসীমান্ত লেনদেন ও অর্থ পরিশোধের জটিলতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, কার্যকর ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক অর্থ পরিশোধের উপযুক্ত পদ্ধতি নিশ্চিত করা গেলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো গতিশীল হবে।
অন্যদিকে, নাইজেরিয়ার লাগোস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার লয়ে কুপোলেই বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রায় একই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ওষুধ, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ফিনটেক সমাধান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সেবা আমদানিতে নাইজেরিয়ার ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।
তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের নাইজেরিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ইউরিয়াসহ বিভিন্ন ধরনের সার, কোকো বীজ ও কাজুবাদাম আমদানির সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান।
বৈঠকে ঢাকা চেম্বারের ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল ও সাইফ উদ্দৌলাহ উপস্থিত ছিলেন। দুই দেশের সঙ্গে পৃথক বৈঠকে উঠে আসা প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানিতে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরির সুযোগ তৈরি হতে পারে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে ব্যাংকিং লেনদেন, বাণিজ্য অর্থায়ন ও অর্থ পরিশোধের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন