প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুম্বাই মেট্রোতে ভ্রমণ, স্কুলশিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট খেলা এবং ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাৎ—ভারত সফরের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন। তারা সোমবার ভারতে পৌঁছান ২০২৬ সালের আর্থশট পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে। সফরের প্রথম দিন মুম্বাইয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারা।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানায়, প্রিন্স উইলিয়াম মুম্বাইয়ে ২০২৬ সালের আর্থশট পুরস্কার নিয়ে আয়োজিত একটি সম্মেলনে বক্তব্য দেন। তিনি ভারতের পরিবেশ রক্ষায় ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই উন্নয়নে ভারতের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন যে, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ রক্ষা একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।
প্রিন্স উইলিয়াম তার বক্তব্যে বলেন, 'হিন্দিতে একটি কথা আছে—রং বিরঙ্গি দুনিয়া। অর্থাৎ নানা রঙে ভরা এক পৃথিবী। ভবিষ্যৎকেও আমাদের এভাবে দেখা উচিত। সাদা-কালো হিসেবে নয়। মানুষ ও পৃথিবী, অর্থনীতি ও প্রকৃতির মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বিষয় হিসেবেও নয়। বরং সবকিছুর সমন্বয়ে একটি পৃথিবী হিসেবে দেখা উচিত। যেখানে যেকোনো জায়গা থেকেই সমাধান আসতে পারে।' তিনি আর্থশট পুরস্কারে ভারতের অবদানের কথাও তুলে ধরেন। প্রিন্স উইলিয়াম জানান, এ পুরস্কারের ইতিহাসে ভারত থেকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে এবং চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে।
তিনি ২০২৬ সালের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ভারতের দুটি উদ্যোগের প্রশংসা করেন। এগুলো হলো মাহিলা হাউজিং ট্রাস্ট ও মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটি। প্রতিষ্ঠান দুটি সাশ্রয়ী আবাসন এবং পরিবেশবান্ধব শহুরে পরিবহনব্যবস্থা নিয়ে কাজ করছে। বক্তব্যের শেষ দিকে, তিনি পরিবেশ রক্ষায় নতুন সমাধান খুঁজে বের করা এবং উদ্ভাবকদের সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, 'গত ছয় বছরে আর্থশট আমাকে দেখিয়েছে, সমস্যার সমাধান যাদের কাছে আছে, তারা আমাদের চারপাশেই রয়েছেন। আমাদের কাজ হলো তাদের খুঁজে বের করা, পাশে দাঁড়ানো এবং তাদের কাজ আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে সাহায্য করা।'
এর আগে, দিনের শুরুতে প্রিন্স উইলিয়াম ও কেট মুম্বাই মেট্রোর অ্যাকোয়া লাইন-৩-এ ভ্রমণ করেন। তারা বিধান ভবন স্টেশন থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) পর্যন্ত যান। মুম্বাই মেট্রো রেল করপোরেশন লিমিটেড সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভ্রমণের ছবি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এ ঘটনাকে অ্যাকোয়া লাইনের জন্য বিশেষ মুহূর্ত বলে উল্লেখ করেছে। মেট্রো ভ্রমণের সময় কেটের পরনে ছিল নীল রঙের হাঁটু পর্যন্ত লম্বা পোশাক। অন্যদিকে, সাদা শার্টের সঙ্গে আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন প্রিন্স উইলিয়াম।
পরে, মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা করেন রাজদম্পতি। এ সময় তাদের মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা হয়। টেন্ডুলকার তার ক্রিকেটজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তাদের সঙ্গে ভাগ করে নেন। এদিন একটি বিশেষভাবে তৈরি চায়ের দোকানেও যান প্রিন্স উইলিয়াম ও কেট। সেখানে তাদের মাটির ভাঁড়ে ঐতিহ্যবাহী ভারতীয় চা পরিবেশন করা হয়। দিনের আরেকটি কর্মসূচিতে, রাজদম্পতি স্কুলশিক্ষার্থীদের সঙ্গে গলির ক্রিকেট খেলেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন শচীন টেন্ডুলকার। পালা করে ব্যাট করেন প্রিন্স উইলিয়াম ও কেট। খেলার সময় প্রিন্স উইলিয়ামকে বিভিন্ন পরামর্শ দেন টেন্ডুলকার। মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখেন কেট। এ সময় প্রিন্স উইলিয়ামের পরনে ছিল গাঢ় নীল রঙের নেহরু জ্যাকেটের আদলে তৈরি হাতাকাটা পোশাক।
ভারত সফরের প্রথম দিনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন প্রিন্স উইলিয়াম ও কেট। ছবিগুলোতে মুম্বাইয়ের সমুদ্র উপকূল, ব্যস্ত সড়ক, ক্রিকেট ম্যাচ এবং ঐতিহাসিক রাজাবাই ঘড়ির মিনার দেখা গেছে। নিজেদের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তারা বলেন, 'ক্যাথরিন ও আমি এ বছরের আর্থশট পুরস্কার উপলক্ষে ভারতে আসতে পেরে খুবই আনন্দিত।' পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনে ভারতের অগ্রগতির কথাও তুলে ধরেন তারা। টেকসই ভবিষ্যৎ গড়তে কাজ করছেন এমন তরুণ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও জানান। ২০২০ সালে প্রিন্স উইলিয়াম আর্থশট পুরস্কার চালু করেন। পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করাই এ পুরস্কারের লক্ষ্য।
আজ ১৭ নভেম্বর মুম্বাইয়ে ২০২৬ সালের আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পাঁচটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো—প্রকৃতি রক্ষা ও পুনরুদ্ধার, বায়ুদূষণ কমানো, সমুদ্র পুনরুজ্জীবিত করা, বর্জ্যমুক্ত পৃথিবী গড়া এবং জলবায়ু সংকট মোকাবিলা। মুম্বাই সফর শেষে প্রিন্স উইলিয়াম ও কেটের নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। ভারতে এটি রাজদম্পতির দ্বিতীয় আনুষ্ঠানিক সফর। এর আগে ২০১৬ সালে তারা একসঙ্গে ভারত সফর করেন। ওই সফরে ভুটানেও গিয়েছিলেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন