প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের নির্বাচনের মাত্র দুই দিন আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তেল আবিবে পরমাণু বিস্ফোরণের একটি ছবি পোস্ট করেছেন। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছরকে ইরানের কাছ থেকে ‘অস্তিত্বের জন্য হুমকি’ মোকাবিলার কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহুর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ঘনবসতিপূর্ণ একটি শহরের ওপর বিশাল মাশরুম আকৃতির ধোঁয়ার মেঘ। বিস্ফোরণে শহরের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়। ছবিটির সঙ্গে তিনি ইসরাইলি লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ইউভাল ব্লুমবার্গের একটি বক্তব্যও শেয়ার করেছেন।
নেতানিয়াহু পোস্টে উল্লেখ করেন, ইসরাইল বর্তমানে একটি বাস্তব ও স্পষ্ট অস্তিত্বগত বিপদের সম্মুখীন। তিনি বলেন, "ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সবকিছু বদলে যাবে। ইরান ও শিয়া অক্ষের কাছ থেকে আসা হুমকির তুলনায় অন্য সব বিষয়ই তুচ্ছ।"
তিনি আরও বলেন, মাঝে মাঝে যেসব সাজানো ও বানোয়াট বিতর্ক তৈরি হয়, সেগুলো ইরানের বিরুদ্ধে অভিযান সম্পন্ন করার মূল লক্ষ্য থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা। এই বিষয়টি ইসরাইলের প্রতিটি মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িত।
নেতানিয়াহু লেখেন, "ইরানে প্রয়োজনীয় কাজ শেষ করার জন্য ট্রাম্পের হাতে আরও দুই বছর সময় রয়েছে। এরপর কে ক্ষমতায় আসবেন, তা নিশ্চিত নয়। কমলা হ্যারিস কিংবা অন্য কোনো ‘মাঝারি মানের’ ব্যক্তি ক্ষমতায় আসতে পারেন। আগামী বছরগুলোতে ইসরাইলের অস্তিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার এটাই সুযোগ।" তিনি রাষ্ট্রের সব প্রয়োজনীয় সম্পদ বিনিয়োগের আহ্বানও জানান।
তবে নেতানিয়াহুর এই পোস্টের তীব্র সমালোচনা করেছেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা। ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান অভিযোগ করেন, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, নেতানিয়াহু ততই নিয়ন্ত্রণ হারাচ্ছেন।
গোলান বলেন, "ইসরাইলের প্রধানমন্ত্রী তেল আবিবের ওপর পারমাণবিক বোমার ছবি প্রকাশ করেছেন। তাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখা উচিত। নেতানিয়াহু ও তার আশপাশের লোকজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন।"
ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটও নেতানিয়াহুর সমালোচনা করেন। তিনি বলেন, "নেতানিয়াহু আবারও ভয় ছড়ানোর ভিডিও প্রকাশ করেছেন। প্রতিটি নির্বাচনি প্রচারের মতো এবারও তিনি মিথ্যা ও আতঙ্ক ছড়ানোর একই কৌশল নিয়েছেন।"
আগামী মঙ্গলবার ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটিতে জাতীয় পর্যায়ে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে আসন বণ্টন করা হয়। ১২০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দল বা জোটকে অন্তত ৬১টি আসন নিশ্চিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন