প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার দুর্গাপুরে খালার বাড়িতে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে প্রাণ হারিয়েছে সিফাত মিয়া (১৬) নামে এক কিশোর। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানিখং এলাকার নদীঘাটে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত মিয়া একই ইউনিয়নের কাঁকড়াকান্দা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুর্গাপুর উপজেলার বহেরাতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে সিফাত। বুধবার দুপুরে খালাতো ভাই আলী হাসানকে সঙ্গে নিয়ে রানিখং এলাকার ঘাট দিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে সিফাত।
এ সময় সিফাতকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করেন আলী হাসান। দ্রুত একটি বাঁশ ছুড়ে দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করলেও নদীর তীব্র স্রোতের কারণে শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।
পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের সহায়তায় সিফাতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ হাসপাতালে পৌঁছায়। এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নিহত কিশোরের মরদেহ হাসপাতালে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন