প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গত ছয় মাসে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে গতি আনার পাশাপাশি সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আরও জনমুখী ও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যক্রমের পরিধি বৃদ্ধি, দীর্ঘদিন স্থবির থাকা প্রকল্প পুনরায় চালু এবং জেলা পরিষদের সম্পদ সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা পরিষদের মাসিক সভায় এসব তথ্য তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভায় সভাপতিত্ব করেন তিনি।
ময়মনসিংহ জেলা পরিষদের কার্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে গত ছয় মাসের কার্যক্রম পর্যালোচনা করে পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের প্রশাসনিক কাজে গতি আনার পাশাপাশি জনগণের কল্যাণ ও সেবার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, “জেলা পরিষদের কার্যক্রম কাগজে-কলমে নয়, জনগণের কাছে দৃশ্যমান হতে হবে।”
অতীতে সিদ্ধান্তহীনতা, প্রশাসনিক জটিলতা বা অন্যান্য কারণে স্থবির হয়ে থাকা কয়েকটি প্রকল্প ও কার্যক্রম পর্যালোচনা করে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় মাসে তিন শতাধিক নতুন এবং পুরাতন প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হয়েছে। জেলা পরিষদের বেহাত হওয়া সম্পত্তি চিহ্নিত করে তা উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, “জেলা পরিষদের সম্পদ সংরক্ষণ ও জনস্বার্থে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”
সভায় জনসেবা ও প্রশাসনিক গতিশীলতায় গুরুত্ব দিয়ে তিনি জনগণের সেবা, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের গুণগত মান, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, সেবা নিতে আসা মানুষ যেন অযথা হয়রানি বা দীর্ঘসূত্রতার শিকার না হন। আবেদন ও অভিযোগ যথাযথভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, “প্রশাসনকে আরও গতিশীল এবং জনগণের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে।”
মাসিক সভাকে শুধু আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার মাধ্যম হিসেবে ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ এবং পরবর্তী সভায় অগ্রগতি পর্যালোচনার কথা বলা হয়।
জেলা পরিষদের স্থাপনায় সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সভায় জেলা পরিষদের কার্যালয়, ডাকবাংলোসহ অন্যান্য উপযুক্ত স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনার সিদ্ধান্ত নেয়া হয়। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জেলা পরিষদের নিজস্ব বিদ্যুৎ চাহিদার একটি অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করা এর উদ্দেশ্য বলে সভায় জানানো হয়।
প্রশাসক বলেন, “নিজস্ব চাহিদা মিটিয়ে অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”
তিনি জানান, অল্প সময়ের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হবে। এর আগে স্থাপনাগুলোর উপযোগিতা, সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদনক্ষমতা, প্রয়োজনীয় বিনিয়োগ ও কারিগরি বিষয় যাচাই করা হবে। জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টি সংশ্লিষ্ট নীতিমালা, কারিগরি সক্ষমতা ও প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের বৃহত্তর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে জেলা পরিষদ নিজস্ব সক্ষমতার মধ্যে সহায়ক ভূমিকা রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধু নিজস্ব স্থাপনা নয়, গ্রামীণ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের মাধ্যমে সোলার প্যানেল স্থাপনের পাইলট প্রকল্প নেয়া হচ্ছে।
সভায় দেশ পুনর্গঠনের চলমান কার্যক্রমের সঙ্গে স্থানীয় পর্যায়ের সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, “দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান যে গতিতে কাজ করছেন, আমাদেরও সেই গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।”
জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনা ও কর্মসূচির সুফল স্থানীয় পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসনিক সক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সময়মতো বাস্তবায়ন এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন তিনি।
প্রশাসক বলেন, “পরিকল্পনা গ্রহণের পাশাপাশি এর বাস্তবায়ন এবং জনগণের কাছে সুফল পৌঁছানোই গুরুত্বপূর্ণ।”
সভায় জেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম, স্থবির প্রকল্প পুনরায় চালু, সম্পত্তি সংরক্ষণ ও উদ্ধারের উদ্যোগ, সৌরবিদ্যুৎ পরিকল্পনা, জনসেবার পরিধি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দফতরের জেলা প্রধান এবং ময়মনসিংহ জেলা পরিষদের কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন