প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। তিনি বলেন, "এটি গণঅভ্যুত্থানের ১৪ শতাধিক শহীদ ও ২৪ হাজার পঙ্গুর সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।" একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন যে, গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন-পালন করায় দেশে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ (Beyond Campus : Leading Tomorrow) শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট পর্যন্ত আমাদের সবার বক্তব্য ও অঙ্গীকার এক ছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, ৫ আগস্টের পর থেকে তাঁদের অনেকেই রাতারাতি বদলে গেছেন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি আগের চেয়েও দ্রুতগতিতে চালানো হচ্ছে। শুধু তা-ই নয়, জাতিসংঘের হিসাব অনুযায়ী যারা ১৪ শতাধিক মানুষকে শহীদ এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু বানিয়েছে, অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে কেউ কেউ সেই ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।
সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুটি বিষয় মেনেই সবাই নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গেই গণভোটের রায়কে অস্বীকার করে বসল। সংকট সেদিনই তৈরি হয়েছে। একদিকে এই সংকট তৈরি করা এবং অন্যদিকে ফ্যাসিবাদকে লালন-পালন করার কারণেই ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার পাঁয়তারা করছে। তবে দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে আসতেও দেবে না, বসতেও দেবে না।
অনুষ্ঠানে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান তিনটি বিশেষ বার্তা দেন:
• নিরাপদ ক্যাম্পাস ও দেশ গড়ার আহ্বান: কলুষিত বাংলাদেশের বুকে অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে তরুণরা একটি অনুকরণীয় মডেল উপস্থাপন করেছেন উল্লেখ করে তিনি শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রজীবন শেষ হলেই হলের সিট ও ক্যাম্পাস ছেড়ে দিয়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার অনুরোধ জানান তিনি।
• চাকরিজীবী নয়, উদ্যোক্তা ও নেতা হওয়া: তরুণদের কারও অধীনে চাকরিজীবী হিসেবে না দেখে সব ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণের উদ্যোক্তা হতে হবে। তরুণদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া কেবল ঢাকায় পড়ে না থেকে নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে সমাজের স্তরে স্তরে থাকা দুর্নীতিবাজদের তাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।
• অনুসরণকারী নয়, অনুকরণীয় জাতি গঠন: বাংলাদেশ চিরদিন অন্য দেশকে অনুসরণ করে চলবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন পরিবর্তন চাই, যেন বিশ্ববাসী দেখে বাংলাদেশ কী করছে এবং অন্যরা যেন বাংলাদেশকে অনুসরণ করে। আর এই জায়গা তৈরি করতে হলে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানের আয়োজন ও সমন্বয়ের জন্য তরুণ চিকিৎসক ডা. খালেদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান।
#ডব্লিউএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন