প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আগামী ডিসেম্বরে সই হতে পারে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজ জানাচ্ছে, আর ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ভারতে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত জ্যঁ-এরিক পাকে এই তথ্য জানিয়েছেন। চুক্তিটি কার্যকর করার জন্য কিছু ধাপ এখনো বাকি রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় পাকে বলেন, চলতি বছরের জানুয়ারিতে ভারত-ইইউ সম্মেলনে চুক্তি নিয়ে আলোচনা শেষ হয়। এরপর দুই পক্ষের প্রতিনিধিরা চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি এবং বিভিন্ন কারিগরি বিষয় চূড়ান্ত করার কাজ শুরু করেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে ইউরোপীয় কমিশন চুক্তিটি সই করার অনুমতি চেয়ে কাউন্সিলের কাছে প্রস্তাব পাঠিয়েছে। বর্তমানে ইউরোপের মন্ত্রীরা এ বিষয়ে আলোচনা করছেন।
পাকে আশা প্রকাশ করেন, ডিসেম্বরে চুক্তিটি সই করার অনুমতি পাওয়া যাবে। এরপর চুক্তি সই করতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ইউরোপ সফর করতে পারে। চুক্তি সইয়ের পর এটি ইউরোপীয় পার্লামেন্টে পর্যালোচনার জন্য পাঠানো হবে। কার্যকর হওয়ার আগে পার্লামেন্টের অনুমোদন গ্রহণ করতে হবে।
পাকে জানান, ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির একটি প্রতিনিধিদল সম্প্রতি নয়াদিল্লি সফর করেছে। তারা চুক্তি পর্যালোচনা ও অনুমোদনের প্রক্রিয়া সম্পর্কে ভারতকে অবহিত করেছে। তিনি আরো জানান, ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান আশা করছেন, আগামী বসন্তে পার্লামেন্ট এ বিষয়ে তাদের মতামত জানাবে। চুক্তির পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেও তিনি আশাবাদী।
তবে পাকে স্পষ্ট করেছেন, এটি ওই কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত প্রত্যাশা। তিনি ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে এ কথা বলেননি। পাকে বলেন, পার্লামেন্ট চুক্তিটি পর্যালোচনা করে এর পক্ষে বা বিপক্ষে মত দিতে পারবে। তবে নতুন করে চুক্তি নিয়ে আলোচনা শুরু করার সুযোগ তাদের থাকবে না। সব প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চুক্তিটি কার্যকর হতে পারে। কার্যকর হওয়ার পর থেকেই দুই পক্ষ এর সুবিধা পেতে শুরু করবে।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দেশটির শ্রমনির্ভর বেশ কয়েকটি শিল্প খাত লাভবান হবে। এসব খাতের মধ্যে রয়েছে বস্ত্র, তৈরি পোশাক, চামড়া, জুতা, সামুদ্রিক পণ্য, রত্ন ও গয়না, হস্তশিল্প, প্রকৌশল পণ্য এবং গাড়ি শিল্প। চুক্তিটি কার্যকর হলে এসব খাতের ভারতের প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের রপ্তানি পণ্যে শুল্ক কমে শূন্যে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নারী, কারুশিল্পী, তরুণ ও বিভিন্ন পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রেও ভারত বিশেষ সুবিধা পাবে। তবে দুগ্ধজাত পণ্য, শস্য, হাঁস-মুরগি এবং কৃষির কয়েকটি সংবেদনশীল খাতের সুরক্ষা রাখা হয়েছে। চুক্তিতে শুধু পণ্য বাণিজ্য নয়, সেবা খাত, ডিজিটাল বাণিজ্য, শুল্কব্যবস্থা সহজ করা, মেধাস্বত্ব এবং পেশাজীবীদের চলাচলের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া দক্ষ ভারতীয় পেশাজীবীদের ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগ বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এর আওতায় একই প্রতিষ্ঠানের কর্মীদের অন্য দেশে বদলি, চুক্তিভিত্তিক সেবাদাতা এবং স্বাধীন পেশাজীবীদের চলাচলের সুযোগ বাড়বে। ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১১৮ বিলিয়ন ইউরো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন