প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফুটবল মাঠে গোল করে মানুষের হৃদয় জয় করার পাশাপাশি, মাঠের বাইরেও নিজের শিকড়ের মানুষের জন্য একের পর এক কাজ করে চলেছেন সাদিও মানে। এবার তিনি জন্মস্থান সেনেগালের বাম্বালিতে ২৪৬ কোটি টাকার বিশাল কৃষি প্রকল্প নিয়ে এসেছেন।
সেনেগালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএসের তথ্য অনুযায়ী, মানের উদ্যোগে ‘এসএম১০ অ্যাগ্রো’ নামে এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে ১১৭০ কোটি সিএফএ ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় ২৫০ কোটি টাকার সমান।
গত ১৯ সেপ্টেম্বর, সাদিও মানে নিজ গ্রাম বাম্বালিতে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। সেখানে ৫০০ হেক্টর জমিতে গড়ে উঠবে আমের বাগান, যেখানে প্রায় ৭৮ হাজার আমগাছ লাগানো হবে।
এছাড়া, প্রকল্পটিতে আম বাছাই, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য একটি কারখানা, কৃষি প্রশিক্ষণকেন্দ্র এবং গবেষণা ও উন্নয়ন সুবিধা থাকবে। এই প্রকল্পটি শুরুতে ১ হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং দীর্ঘ মেয়াদে এই সংখ্যা আড়াই হাজারে পৌঁছানোর লক্ষ্য রয়েছে।
নিজের এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে মানে বলেছেন, ‘আমি চাই আমাদের মাটির সম্পদ আমাদের কাছেই থাকুক। এই সম্পদ থেকে যে আয় হবে, তা সবার আগে আমাদের মানুষের উপকারে আসুক।’
সৌদি ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে খেলা মানে আরও জানান, ‘এই প্রকল্প শুধু সংখ্যার বিষয় নয়। আমি চাই আমাদের অঞ্চলের তরুণ ও নারীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাক। এ কারণেই প্রকল্পের সঙ্গে একটি প্রশিক্ষণকেন্দ্র রাখা হয়েছে, যাতে আধুনিক কৃষিপদ্ধতি শেখানো যায়।’
বাম্বালির মানুষের উদ্দেশে মানের বার্তা আরও স্পষ্ট, ‘এই প্রকল্প আপনাদের। আমি এটি আপনাদের হাতে তুলে দিচ্ছি। নিজেদের প্রকল্প মনে করে এটিকে এগিয়ে নিন। আপনারাই এটি পরিচালনা করবেন।’
এর আগে, সাদিও মানে বাম্বালিতে স্কুল, মসজিদ, হাসপাতাল ও পেট্রোল স্টেশনসহ বিভিন্ন সামাজিক অবকাঠামোতে টাকা দিয়েছেন। এবার তার লক্ষ্য শুধুমাত্র দান করা নয়, বরং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি আনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন