প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় ১১ মাস বয়সী নিজের ছেলেকে কুকুরের খাঁচায় ভরে পাইনবনের ঝোপঝাড়ের মধ্যে মাটিচাপা দেওয়ার অভিযোগে মাইকেল কোমার নামে এক ব্যক্তির জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
বৃহস্পতিবার জামিন শুনানিতে লেক্সিংটন কাউন্টি পুলিশ বিভাগের প্রধান তদন্তকারী টাইলার ডগলাস আদালতকে জানান, কোমারের মধ্যে ছেলেকে হত্যার চেষ্টার ঘটনায় কোনো অনুশোচনা দেখা যায়নি। এমনকি তিনি রাজ্য ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এসব তথ্য বিবেচনা করে বিচারক গ্যারি ডব্লিউ. রাইনহার্ট জামিন আবেদন নাকচ করেন।
এছাড়া কোমারের পক্ষে সরকারি আইনজীবী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এবং আগামী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ২৫ বছর বয়সী কোমারের বিরুদ্ধে হত্যার চেষ্টা, বাড়িতে অবৈধভাবে প্রবেশ এবং শিশুকে বিপদের মুখে ফেলার অভিযোগ রয়েছে।
নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশ জে কুন জানান, মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সোমবার ১১ মাস বয়সী ছেলে কোয়াহ নিখোঁজ হওয়ার পর থেকেই কোমার পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এখনো তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি।
মাইকেল কোমারের বাবা জন কোমার জানান, সোমবার তার ছেলে থাকার জায়গার প্রয়োজনের কথা জানালে তিনি মাইকেল ও তার ১১ মাস বয়সী নাতিকে নিজের বাড়িতে আশ্রয় দেন। বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদককে তিনি প্রতিবেশীর জমিতে নিয়ে যান। সেখানে ছোট একটি গর্ত দেখান, যেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছিল।
এপিকে জন কোমার বলেন, ‘কেউ কীভাবে এমন কিছু করার পর্যায়ে পৌঁছাতে পারে, কিংবা কীভাবে এটিকে সঠিক কাজ বলে মনে করতে পারে, তা আমি কল্পনাও করতে পারি না।’ এদিকে কেন মাইকেল কোমার নিজের ছেলেকে এভাবে মাটিচাপা দিয়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে গত অক্টোবরে শিশুটির মায়ের সঙ্গে পারিবারিক সহিংসতার ঘটনায় দোষী সাব্যস্ত হন মাইকেল কোমার। ওই ঘটনায় তাকে শর্তসাপেক্ষে মুক্তি বা প্রবেশনে থাকার সাজা দেওয়া হয়েছিল। পুলিশ জে কুন জানান, কোয়াহর বাবা-মায়ের মধ্যে কিছু সমস্যা চলছিল।
তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে অনেক সময় শিশুরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়।’ লালচে-সোনালি চুলের শিশুটিকে উদ্ধারে গ্রামীণ এলাকায় ব্যাপক তল্লাশি চালান উদ্ধারকর্মীরা।
পুলিশের ভাষ্যমতে, সারাদিন খোঁজাখুঁজির পর একপর্যায়ে মাটি খোঁড়ার নতুন চিহ্ন দেখতে পান তারা। এ সময় মাটির নিচ থেকে শিশুটির কান্নার শব্দও শুনতে পান উদ্ধারকারীরা।
পুলিশ জানান, ঠান্ডা আবহাওয়া এবং মাটির নিচে খাঁচার চারপাশে জড়ানো একটি তোয়ালের কারণে সেখানে সম্ভবত বাতাস চলাচলের জন্য ছোট একটি ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। এই বাতাসের কারণেই শিশুটি বেঁচে থাকতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। পরে দ্রুত শিশুটিকে মাটি থেকে উদ্ধার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন