প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : দেশের প্রাপ্তবয়স্ক জনগণের ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের সেবার আওতায় রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আজ রাজধানীর একটি হোটেলে জরিপের ফলাফলটি উন্মোচন করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় এই জরিপটি পরিচালনা করেছে ‘রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট’ (র্যাপিড)। প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি (এনএফআইএস) অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট (এনএইউ)।
জরিপের মাধ্যমে দেশের ৬৪ জেলার ৪৩২টি প্রাথমিক নমুনা এলাকা থেকে ৬ হাজার ৯১২টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতিটি পরিবারের ১৫ বছর বা তার বেশি বয়সী একজন সদস্যকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত আট সপ্তাহ ধরে এই জরিপ পরিচালিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৪৫ শতাংশ মানুষের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) হিসাব রয়েছে। অন্যদিকে, ব্যাংক হিসাব রয়েছে মাত্র ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের। শহরাঞ্চলে ৩৬ দশমিক ১ শতাংশ মানুষের ব্যাংক হিসাব থাকলেও গ্রামাঞ্চলে এই হার ২৫ দশমিক ৭ শতাংশ।
জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৬৯ দশমিক ৫ শতাংশ পুরুষের আনুষ্ঠানিক আর্থিক হিসাব রয়েছে। নারীদের জন্য এই হার ৬০ দশমিক ৯ শতাংশ। তবে গ্রামাঞ্চলে ক্ষুদ্রঋণ সেবায় নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় বেশি। গ্রামীণ নারীদের ২৯ দশমিক ৩ শতাংশ ক্ষুদ্রঋণ সেবার আওতায় রয়েছেন, যেখানে পুরুষের হার ১১ দশমিক ৮ শতাংশ।
এছাড়া, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে সাধারণ মানুষের অংশগ্রহণ এখনও ৫ শতাংশের নিচে রয়েছে। দেশের মাত্র ৪ দশমিক ২১ শতাংশ মানুষ বীমা সেবার আওতায় রয়েছেন, যাদের ৯৫ শতাংশই জীবনবীমার গ্রাহক।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৬৭ দশমিক ৭ শতাংশ এবং চট্টগ্রাম বিভাগে ৬৭ শতাংশ মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় রয়েছেন। অন্যদিকে, সিলেট বিভাগে সবচেয়ে কম ৫৪ দশমিক ৯ শতাংশ মানুষ এই সেবার আওতায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে এই হার ৬৩ থেকে ৬৫ শতাংশের মধ্যে রয়েছে। রাজশাহী বিভাগে এই হার ৬০ দশমিক ১ শতাংশ।
আর্থিক সেবার ব্যবহার বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক হিসাবধারীদের ৮০ শতাংশের বেশি সঞ্চয়ী হিসাব ব্যবহার করেন। তবে স্থায়ী আমানত ও ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মতো সঞ্চয়ী পণ্যের ব্যবহার খুবই কম। ব্যাংক হিসাবধারীদের মধ্যে মাত্র ৯ দশমিক ৮ শতাংশ ডেবিট কার্ড এবং ১ দশমিক ৮ শতাংশ ক্রেডিট কার্ড ব্যবহার করেন।
অন্যদিকে, এমএফএস ব্যবহারকারীদের অধিকাংশই টাকা পাঠানো ও গ্রহণের কাজে এই সেবা ব্যবহার করেন। গ্রামাঞ্চলের ৩৭ দশমিক ২ শতাংশ এমএফএস ব্যবহারকারী এই মাধ্যমে সরকারি উপবৃত্তি ও সামাজিক নিরাপত্তা ভাতা গ্রহণ করেন।
টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৬ সালের পরবর্তী সময়ের জন্য দ্বিতীয় পর্যায়ের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) প্রণয়ন এবং নিয়মিত জাতীয় জরিপ পরিচালনা। পাশাপাশি গ্রামীণ নারীদের জন্য সহজ শর্তে নারী এজেন্টের মাধ্যমে ব্যাংক হিসাব খোলার বিশেষ উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
এছাড়া, ভ্রাম্যমাণ ব্যাংক শাখা ও ইউনিয়ন পরিষদভিত্তিক এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ, স্বল্প স্থিতির হিসাবের ক্ষেত্রে সহজ কেওয়াইসি পদ্ধতি চালু এবং নিম্ন আয়ের মানুষের জন্য মৌলিক আর্থিক সেবার চার্জ কমাতে সরকারি বা সিএসআর তহবিল থেকে ভর্তুকি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন