প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এই শহরে ভোর আর আসে না, বরং ভোর হারানোর দীর্ঘশ্বাস শোনা যায়। যে ভোরের কপালে শিশিরের টিপ থাকার কথা ছিল, তার কপালে এখন কালো ধোঁয়ার ছোপ রয়েছে।
আমাদের সকালগুলো প্রকৃতির দান নয়, বরং যন্ত্রের দয়ার ফল। আমরা ঘুম থেকে জাগি ঠিকই, কিন্তু জাগরণের অনুভূতি আর হয় না। অ্যালার্ম বাজে, কিন্তু পাখির ডাক শোনা যায় না। এখানে বসন্তের রঙ নেই। এটি ঋতুরাজ নয়, বরং ঋতুর কারাগার। এখানে আর ফুল ফোটে না, ফুলের বিজ্ঞাপন ফুটে। কোকিলের ডাক শোনা যায় না, হাইড্রোলিক হর্নের ডাক শোনা যায়। মুকুল প্রস্ফুটিত হওয়ার আগেই আত্মহত্যা করে, কারণ সে জানে- ফুটলেই তাকে ঝরে পড়তে হবে। পিচের উত্তপ্ত শয্যায়, ফুল হয়ে ফুটার আগেই তাকে পায়ের তলায় পিষ্ট হতে হবে। এটি ঝরে পড়া ফুলদের একটি নীরব অভিশাপ। সেই অভিশাপে বৃক্ষেরা আজ আর জাগতে চায় না, কারণ জেগে দেখলে তাদের সন্তানরা জীবিত নেই, তাদের ছায়ায় আর কেউ ক্লান্তি জুড়াতে বসে না। বৃক্ষ এখন শুধু সাইনবোর্ডের আড়ালে দাঁড়িয়ে থাকা এক অসহায় প্রহরী।
এই শহরের আকাশ অপহৃত হয়ে গেছে। হাজারো কালো তারের জালে সে বন্দি, অট্টালিকার দম্ভে সে খণ্ডিত। আমরা আকাশ দেখি না, জোছনা দেখি না, দেখি নিয়নের আলো। বাতাস এখানে আর বয় না, বাতাস এখানে হাঁপায়। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে যায় একমুঠো সিসা, একমুঠো ধুলো এবং একমুঠো না-বলা দীর্ঘশ্বাস। এখানে নদী ছিল, এখন নর্দমা আছে। এখানে মাঠ ছিল, এখন পার্কিং লট আছে। এখানে শৈশব ছিল, এখন স্ক্রিন আছে। এখানে প্রতিবেশী ছিল, এখন সিসি ক্যামেরা আছে। উন্নয়নের এই মহাকাব্যে আমরা সব হারিয়েছি, পেয়েছি কেবল কংক্রিট, ক্লান্তি এবং একরাশ না-পাওয়ার গল্প।
আর মানুষ? এখানে মানুষ আর নেই, আছে শুধু ছায়া ও সংখ্যা। তবে এ থেকে পরিত্রাণের উপায় কী? পরিত্রাণ কোনো রাজপথে নেই, পরিত্রাণ কোনো সরকারি প্রকল্পে নেই, পরিত্রাণ আছে প্রত্যাবর্তনে। আমাদের ফিরতে হবে ইট থেকে মাটিতে, যন্ত্র থেকে মানুষে, দখল থেকে ভালোবাসায়, শব্দ থেকে নীরবতায়, স্বার্থ থেকে সমষ্টিতে। আমাদের আবার মাটির কাছে ফিরতে হবে, মানুষের কাছে ফিরতে হবে। নগরায়ণকে থামানো যাবে না, তবে নগরকে মানবিক করা যায়। সেই উদ্যোগ শুরু করতে হবে এখনই। তা না হলে দ্রুত পরিত্যক্ত হয়ে পড়বে এই নগর। একদিন হয়তো সবাইকে পালাতে হবে, যেমন পরিত্যক্ত হয়েছে অতীতের অনেক নগরসভ্যতা।
লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইডেন মহিলা কলেজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন