প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার উদ্যোগে জাতীয় সংসদের বাজেট অধিবেশন পরিদর্শন করার সুযোগ পেয়েছে মাদারীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুন) রাজধানীর জাতীয় সংসদ ভবনে আয়োজন করা এই শিক্ষা সফরে জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো— মাদারীপুর সদর উপজেলার ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়, মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, টেকেরহাট পপুলার স্কুল অ্যান্ড কলেজ এবং রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়।
শিক্ষার্থীরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পায় এবং সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
এসময়, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছিল। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্ন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দেশ ও জাতির কল্যাণে সুশিক্ষিত, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াও উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “অনেক শিক্ষার্থীরই জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার স্বপ্ন থাকে। নানা কারণে সেই স্বপ্ন সবার পূরণ হয় না। শিক্ষার্থীদের সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতেই এই সংসদ পরিদর্শনের আয়োজন করা হয়েছে। সংসদ ভবন ঘুরে দেখার পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখে এবং তাঁর সঙ্গে কথা বলতে পেরে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তাদের জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। সংসদীয় কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাদের মধ্যে দেশ, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কে নতুন আগ্রহ সৃষ্টি করেছে।
তাদের মতে, এ ধরনের শিক্ষা সফর পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল, সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন