প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাকে গ্রেপ্তার করে। আলোচিত এই নেতা ২০১৫ সালে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দ্বিতীয় মেয়াদে মেয়র পদে দলীয় মনোনয়ন না পাওয়ার কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। এর ফলে ২০২০ সালে মেয়র নির্বাচিত শেখ ফজলে নূর তাপসের সঙ্গে তার মধ্যে ‘প্রকাশ্য বিরোধ’ সৃষ্টি হয়।
কেন? কেন?
২০২১ সালে সাঈদ খোকনের প্রতিষ্ঠানসহ তার স্ত্রী, মা ও বোনের আটটি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশনা প্রদান করেন আদালত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র তাপসের বিরুদ্ধে বিস্তর অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উত্তেজিত কণ্ঠে খোকন বলেন, ‘আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য আর মানুষ পান নাই? বারবার শুধু আমার উপরই? কেন? কেন? রক্ত দিয়েছে আমার বাবা। জীবন দিয়েছি আমরা। এই সংগঠনের জন্য। এই শহরের মানুষের জন্য। এই দেশের মানুষের জন্য। অপমান হওয়ার জন্য? আইনি মোকাবিলা করব। সাথে সাথে ঢাকাবাসীকে নিয়ে প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে।’
তিনি অভিযোগ করেন, ‘আজকে এই শহরে মোড়ে মোড়ে একটা ব্যাগ নিলে চাঁদা তোলা শুরু করে। একটা স্লিপ দিয়ে দেয়। দেয় কি দেয় না বলেন?’ এ সময় উপস্থিত অনেকে ‘দেয়’ বলে চিৎকার করে ওঠেন। উপস্থিত ব্যক্তিদের কথার রেশ ধরে সাঈদ খোকন আরও বলেন, ‘আমি কী বলব? আরে মানুষের কথা শোনেন। আমি লক্ষ লক্ষ ব্যানার, ফেস্টুন ফেলে দিয়েছিলাম। পরিষ্কার করেছি। আজ সিটি করপোরেশন তার নিজের নামে ব্যানার ফেস্টুন লাগায়।’
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বক্তব্য
দেশে প্রথমবারের মতো ২০১৯ সালে এক লাখ ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার সময় ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন সাঈদ খোকন। আর ২০২৩ সালে তিন লাখের বেশি রোগী শনাক্তের বছরে মেয়র ছিলেন তাপস।
এ নিয়ে ২০২৪ সালের মে মাসে তাপস দাবি করেন, ২০১৯ সালের তুলনায় গত বছর (২০২৩) ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে। পরে মিট দ্য প্রেসে সাংবাদিকদের ডেকে সাঈদ খোকন বলেন, “বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৯ এর তুলনায় ২০২৩ সালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১ হাজার কম। আমি ভদ্রতার জন্য কারও নাম উল্লেখ করছি না। তবে এ ধরনের অপপ্রচার করা হলে আমি কষ্ট পাই, ব্যথিত হই।”
তাপসের নাম উল্লেখ না করেই তাকে উদ্দেশ করে ‘খোঁচা’ দেন খোকন। তিনি বলেন, ‘আমরা একে অপরকে দোষারোপ না করি।’
উল্লেখ্য, সাঈদ খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিশেষ করে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা ও অনুসন্ধান চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেয়র ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা হয়েছে। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলায় তাকে আসামি করা হয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এছাড়া ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে ৯০ কোটি টাকার বিনিয়োগ অবরুদ্ধ করেন। একই সঙ্গে গুলশানের ১৪ তলা ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের আদেশ দেওয়া হয়।
সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগও রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের এককভাবে কর ফাঁকির অভিযোগ ৯৪ কোটি ২০ লাখ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন