প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শীতকালীন আবহাওয়া শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন দেশের পরিযায়ী পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসতে শুরু করেছে। অতিথি পাখির আগমনে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো প্রাণবন্ত হয়ে উঠলেও, দর্শনার্থীরা জানিয়েছেন যে, অন্যান্য বছরের একই সময়ের তুলনায় পাখির সংখ্যা অনেক কম।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পুকুরজুড়ে লাল শাপলা ফুটে রয়েছে। এর মাঝে ছোট-বড় নানা প্রজাতির পাখি জলকেলিতে মেতে উঠেছে। প্রতি বছর শীতের আবহ শুরু হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব পরিযায়ী পাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করে। তাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো মুখরিত হয়ে উঠছে।
এদিকে, অতিথি পাখি দেখতে আসা দর্শনার্থীরা অভিযোগ করেছেন যে, অন্যান্য বছরের তুলনায় এবার পাখির সংখ্যা অনেক কম। তারা দাবি করেছেন, বহুতল ভবন নির্মাণ এবং শব্দদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
শিক্ষার্থী ও দর্শনার্থীরা মন্তব্য করেছেন, গাছপালা কাটার ফলে অতিথি পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা আরও পরিচ্ছন্ন রাখা উচিত এবং শব্দদূষণের বিষয়েও নজর দেওয়া প্রয়োজন। গানবাজনা ও অতিরিক্ত কোলাহল পাখির স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করছে।
গবেষকরা বলছেন, জলাশয়ের স্বাভাবিক পরিবেশের অবনতি, সবুজ এলাকা হ্রাস এবং অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের কারণে পাখির বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন মন্তব্য করেছেন, ‘ছয় তলার বেশি উচ্চতার যেসব ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো পাখি ও জীববৈচিত্র্যের জন্য সংকট তৈরি করছে। ভবিষ্যতে এ ধরনের আরও ভবন নির্মাণ করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’
এ পরিস্থিতিতে জলাশয়ের আশপাশে সতর্কতামূলক ব্যানার স্থাপন, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং শব্দদূষণ কমানোর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম বলেছেন, ‘দ্রুত যাতে ওই এলাকাটি শব্দমুক্ত রাখা যায়, সে জন্য সেখানে কোনো ধরনের অনুষ্ঠান বা গানবাজনা করতে না দেয়ার বিষয়ে একটি প্রজ্ঞাপন করেছি।’
এদিকে, পাখির আবাসস্থল ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী কয়েকটি লেক পরিষ্কার ও সংস্কারের পাশাপাশি জলাশয়ের পরিবেশ উন্নয়নে কাজ করছেন। ইতোমধ্যে ট্রান্সপোর্ট লেকসহ কয়েকটি জলাশয় পরিষ্কার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন