প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড, ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সেবা সম্প্রসারণের উদ্দেশ্যে চীনা প্রতিষ্ঠান জেডটিই’কে কার্যাদেশ (নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড-নোয়া) প্রদান করেছে।
আজ এই কার্যাদেশটি ‘প্রকিউরমেন্ট অব ফোর-জি অন ৭০০ মেগাহার্টজ’ শীর্ষক ক্রয়ের জন্য দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি করা সম্ভব হবে এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে, প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী জেডটিই’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংয়ের হাতে কার্যাদেশ তুলে দেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মন্ত্রীর দপ্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালু করা টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ব্যান্ড ব্যবহার করে দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি করা সম্ভব হবে। শহর এলাকায় ভবনের ভেতরে নেটওয়ার্কের সংযোগের মানও উন্নত হবে। ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্ন ও উন্নত টেলিযোগাযোগ সেবা পাবেন।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি তুলনামূলকভাবে কম হওয়ায় এর রেডিও সিগন্যাল বেশি দূর পর্যন্ত যেতে সক্ষম এবং ভবনের ভেতরে নেটওয়ার্ক সংযোগ উন্নত করতে সহায়তা করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এই উদ্যোগ দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য নির্ভরযোগ্য মোবাইল সংযোগ ও ডিজিটাল সেবা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
টেলিটক বাংলাদেশ লিমিটেড, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর হিসেবে, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালুর এই উদ্যোগ কোম্পানির নেটওয়ার্ক উন্নয়ন ও ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন