প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজারে ফার্মেসি ও বিকাশের ব্যবসা প্রতিষ্ঠানের টাকার ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আসরের নামাজ আদায় করতে যাওয়ার সুযোগে এ চুরির ঘটনা ঘটে। এতে ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ মাইনুল ইসলাম চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইনুল ইসলাম ফার্মেসির পাশাপাশি বিকাশের এজেন্ট হিসেবে ব্যবসা পরিচালনা করেন। রোববার বিকেলে আসরের নামাজ আদায় করতে তিনি দোকান থেকে বের হন। এ সময় দোকান খোলা ছিল। নামাজে যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা দোকানের টাকার ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
নামাজ শেষে দোকানে ফিরে চুরির বিষয়টি বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়েন মাইনুল ইসলাম। স্থানীয় যুবক মোহাম্মদ শামসুল হুদা সুমন জানান, আমরা আসরের নামাজ পড়ে বের হয়ে দেখি মাইনুল ইসলাম দোকানে বসে কান্নাকাটি করছেন। তিনি এতটাই দিশেহারা হয়ে পড়েছিলেন যে, চুরি হওয়া টাকার সঠিক পরিমাণও বলতে পারছিলেন না। কখনো দেড় লাখ টাকা, আবার কখনো দুই লাখ টাকা চুরি হয়েছে বলে জানাচ্ছিলেন।
তিনি আরও জানান, দোকানের সামনেই একটি মোটরসাইকেল ও সাইকেল মেরামতের দোকান রয়েছে। সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে। ওই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, আলেপের তেপথী বাজারের আরেক দোকানদার মোঃ মেহেদী হাসান জানান, এখন পর্যন্ত চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তিনি বলেন, আজ একজনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কখন যে আমার বা আমাদের অন্য ব্যবসায়ীদের সঙ্গেও এমন ঘটনা ঘটে, সেই আশঙ্কায় আমরা উদ্বিগ্ন।
ছোট পরিসরে ফার্মেসি ও বিকাশের ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন মাইনুল ইসলাম। নিজের ব্যবসার পুঁজি হারিয়ে তিনি বর্তমানে চরম দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কীভাবে আবার নতুন করে ব্যবসা শুরু করবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন এই ক্ষুদ্র ব্যবসায়ী।
ভুক্তভোগী মাইনুল ইসলামের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত চুরির ঘটনায় জড়িত কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং চুরি হওয়া টাকা উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন