প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন বছরে সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে আপনার ভ্রমণ খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক ও যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে সিকিম সরকার ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একাধিক পর্যটনকেন্দ্রে নতুন প্রবেশমূল্য কার্যকর করতে যাচ্ছে। নতুন নির্দেশিকার আওতায়, নির্দিষ্ট এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী গাড়ি ও বাইককে নির্ধারিত ফি দিতে হবে।
সিকিমের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে এই নতুন প্রবেশমূল্য কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে নাথু লা, ছাঙ্গু লেক, বাবা মন্দির, জুলুক ও লিংতাম এলাকায় বাড়তি প্রবেশমূল্য দিতে হবে। অন্যদিকে, মঙ্গন ডিভিশনের সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলিও এই নিয়মের আওতায় আসবে।
গাড়ির ধরন অনুযায়ী প্রবেশমূল্য
নতুন নির্দেশিকায় গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং এলাকা অনুযায়ী প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। ১০০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন পাঁচ আসনের গাড়ির জন্য গ্যাংটক ও পাকিয়ং এলাকায় ১,৫০০ টাকা এবং মঙ্গনে ১,২০০ টাকা দিতে হবে। ৬ থেকে ১০ আসনের গাড়ির জন্য এই ফি যথাক্রমে ২,৫০০ ও ১,৫০০ টাকা ধার্য করা হয়েছে। ১১ থেকে ১৫ আসনের টেম্পো ট্রাভেলার বা ফোর্স গাড়ির ক্ষেত্রে ৪,৫০০ ও ২,৫০০ টাকা দিতে হবে।
বাসের ক্ষেত্রেও বাড়তি খরচের বোঝা থাকবে। ১৬ থেকে ২০ আসনের বাসের জন্য প্রবেশমূল্য ৬,৫০০ ও ৩,৫০০ টাকা। ২১ থেকে ৩০ আসনের বাসের ক্ষেত্রে ৭,৫০০ ও ৫,৫০০ টাকা ধার্য করা হয়েছে। ৩০ বা তার বেশি আসনের বাসের জন্য সর্বোচ্চ ১০,০০০ ও ৭,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্যক্তিগত বাইকের ক্ষেত্রে প্রবেশমূল্য ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। সহযাত্রীকে অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হবে। সিকিমে রেজিস্টার্ড স্থানীয় ট্যাক্সি বাইকের চালকের জন্য ফি ৩৫০ টাকা এবং সহযাত্রীর জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়
তবে নতুন নিয়মে স্থানীয় বাসিন্দাদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। বৈধ সার্টিফিকেট অফ আইডেন্টিফিকেশন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা যোগ্য বাসিন্দারা এই প্রবেশমূল্য থেকে ছাড় পাবেন। কর্তব্যরত সরকারি কর্মী, সেনাবাহিনীর সদস্য এবং তাদের অতিথিদের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ছাড় দেওয়া হবে।
উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে হোমস্টেতে থাকা বা দর্শনীয় স্থান ঘুরতে যাওয়া পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে। তবে তাদের কোনও পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। সাধারণ গেস্ট হাউস, অনুমোদিত সরকারি গেস্ট হাউস এবং সরকারি সফরের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ফি মকুবের ব্যবস্থা রয়েছে।
এছাড়া ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্টার্ড মালিকের নামে পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে নির্ধারিত পারমিট ও ফি সাপেক্ষে প্রবেশ করতে হবে। তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পরিবহন চুক্তির আওতায় চলা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কোনও গ্রাম পঞ্চায়েত বা অন্য সংস্থা অতিরিক্ত প্রবেশমূল্য আদায় করতে পারবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
পর্যটন শিল্পে উদ্বেগ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে দেখলেও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামীর মতে, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত পর্যটকের ভিড় কমাতে এই উদ্যোগ কার্যকর হতে পারে।
তবে সিআইআই-এর পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যালের আশঙ্কা, নতুন প্রবেশমূল্যের বোঝা শেষ পর্যন্ত পর্যটকদের উপরই পড়বে। তাঁর মতে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে মূলত সিকিমের গাড়ি চলাচল করে। ফলে বাড়তি খরচ পর্যটকদের কাছ থেকেই আদায় করা হতে পারে। এর প্রভাব পড়তে পারে সিকিম-দার্জিলিং পর্যটন সার্কিটেও।
ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তার মতে, নতুন ফি চালু হলে সাধারণ মধ্যবিত্ত পর্যটকদের ভ্রমণ বাজেট অনেকটাই বেড়ে যাবে।
পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, খরচ বাড়লে অনেকেই সিকিমের পরিবর্তে দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সের মতো বিকল্প পর্যটনকেন্দ্র বেছে নিতে পারেন। এর ফলে সিকিমের হোটেল, গাড়ি ব্যবসা এবং স্থানীয় পর্যটন নির্ভর অর্থনীতিতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সিকিম সরকারকে চিঠি দেওয়ার কথাও জানিয়েছেন সম্রাট সান্যাল।
সব মিলিয়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে নেওয়া সিকিম সরকারের এই নতুন সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হয়েছে। একদিকে সংরক্ষিত বনাঞ্চল রক্ষার প্রশ্ন, অন্যদিকে পর্যটকদের বাড়তি খরচ ও পর্যটন ব্যবসার ভবিষ্যৎ দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখে সরকার, এখন সেদিকেই তাকিয়ে পর্যটন মহল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন