প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সতর্ক করে বলেছেন, পাকিস্তানের পানির ন্যায্য হিস্যা বন্ধ, বাধাগ্রস্ত করা বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ’ হিসেবে গণ্য হবে। তিনি উল্লেখ করেন, পানিকে কখনো অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।
শাহবাজ ভারত কর্তৃক ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, চুক্তি স্থগিত রাখার ভারতের সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। জাতিসংঘের বিশেষজ্ঞদের অবস্থান এবং সংশ্লিষ্ট সালিশি আদালতের সিদ্ধান্ত পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সিন্ধু নদীব্যবস্থা দেশের অর্থনীতি ও জনগণের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করেন যে, পানির প্রবাহ নিয়ে একতরফা কোনো পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে। ভারতকে এ বিষয়ে কোনো ভুল না করার আহ্বান জানান তিনি।
শাহবাজ তার ভাষণে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তানের চার দিনের সামরিক সংঘাতের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং ওই সংঘাতের সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাকে স্বাগত জানান।
কাশ্মীরের বিষয়েও জাতিসংঘের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ গণভোট আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন শাহবাজ। তিনি বলেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে।
ভাষণের শেষ পর্যায়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি ভারতের সঙ্গে বিরোধগুলো আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন