প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উপকণ্ঠে রাস্তার পাশে একটি পশুর বাজারে কিউ মিন ফুয়ং তার হারিয়ে যাওয়া বিড়ালকে খুঁজছেন। বিড়ালটির নাম ডম এবং এটি নয় বছর বয়সী। বিড়ালটির গায়ে তিন রঙের ছোপ রয়েছে। বাজারে গাদাগাদি করে রাখা হয়েছে বিড়াল, কুকুর, খরগোশ ও লড়াইয়ের মোরগ। এসব প্রাণী কিছু পোষার জন্য বিক্রি করা হয়, আবার কিছু জবাই করা হয় মাংসের জন্য।
রয়টার্স জানায়, ফুয়ং এই বাজারে এসেছেন ফেসবুকে কয়েকটি ঘটনা পড়ে। তিনি বিভিন্ন গ্রুপে দেখেছেন, অনেকেই এমন বাজার থেকে তাদের হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজে পেয়েছেন। ৪০ বছর বয়সী এই মৃৎশিল্প ব্যবসায়ী বলেন, ‘ডমকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, এমন সম্ভাবনাই বেশি।’ তিনি জানান, ছোটবেলা থেকেই বিড়ালটিকে লালন-পালন করেছেন এবং এর আগে কখনো ডম হারিয়ে যায়নি। একই রাতে তার কয়েকজন প্রতিবেশীর পোষা প্রাণীও হারিয়ে গেছে।
ভিয়েতনামের পুলিশ জানিয়েছে, চলতি বছর পোষা প্রাণী চুরির অভিযোগে কয়েক ডজন মানুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার বিড়াল ও কুকুর চুরি করে মাংসের জন্য বিক্রি করার অভিযোগ রয়েছে। দেশটির আইন অনুযায়ী, পোষা প্রাণী চুরি করা সম্পত্তি চুরির অপরাধ হিসেবে গণ্য হয়। তবে বিড়াল ও কুকুরের মাংস কেনাবেচা এবং খাওয়া সেখানে বৈধ। ভিয়েতনামে পোষা প্রাণী চুরির কোনো জাতীয় তথ্যভান্ডার নেই, কিন্তু পুলিশ পরিচালিত সংবাদমাধ্যমে মাঝে মাঝে এ ধরনের ঘটনার খবর প্রকাশিত হয়।
গত মাসে হো চি মিন সিটির পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাংসের ব্যবসায় বিক্রির জন্য ২ হাজার ৭০০টি বিড়াল চুরির অভিযোগ রয়েছে। এর আগে এপ্রিলে হ্যানয় পুলিশ ৩০০টির বেশি বিড়াল চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, চোরেরা সাধারণত গভীর রাতে মোটরসাইকেল নিয়ে বের হয়। তাদের সঙ্গে থাকে বস্তা, ডাক্ট টেপ ও প্রাণী ধরার বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে হাতে তৈরি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্রও রয়েছে। এসবের মাধ্যমে প্রাণীদের অজ্ঞান বা দুর্বল করে ফেলা হয়। পোষা প্রাণী চুরি ও এ-সংক্রান্ত তথ্য জানতে রয়টার্স হ্যানয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তারা কোনো জবাব দেয়নি।
প্রায় ১০ কোটি মানুষের দেশ ভিয়েতনামে পোষা প্রাণী নিয়ে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আসছে। বিশেষ করে তরুণদের মধ্যে বিড়াল ও কুকুরকে পরিবারের সদস্যের মতো করে পালার প্রবণতা বাড়ছে। একই সময়ে হ্যানয়ের নগর কর্তৃপক্ষ কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসা কমানোর চেষ্টা করছে। আন্তর্জাতিকভাবে শহরের ভাবমূর্তি ভালো রাখাও এ উদ্যোগের একটি লক্ষ্য। তবে দেশটির অনেক এলাকায় এখনো খাবারের দোকানে কুকুর ও বিড়ালের মাংস বিক্রি হয়। রাজধানীর কিছু এলাকায় রাস্তার পাশে দোকানে আস্ত কুকুর ভেজে বিক্রি করতেও দেখা যায়।
পোষা প্রাণী পালনের প্রবণতা বাড়লেও চোরেরা এসব প্রাণী চুরি করে সহজেই মাংসের বাজারে বিক্রি করতে পারছে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এলাকাভেদে প্রাণীর দাম আলাদা হয়। তবে জীবিত কুকুরের প্রতি কেজির দাম প্রায় ১ ডলার ৫০ সেন্ট। আর বিড়ালের প্রতি কেজির দাম প্রায় ৫ ডলার। তুলনায়, ভিয়েতনামে ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি ৬৯ থেকে ৯৯ সেন্ট। হাইফং শহরের ৫০ বছর বয়সী ট্রাকচালক ত্রান থান বলেন, ‘শ্রমজীবী মানুষের কাছে বিড়ালের মাংস খুব পছন্দের খাবার।’
তিনি আরও বলেন, ‘সাধারণত আমার বয়সী বা তার চেয়ে বেশি বয়সী মানুষেরাই এই অভ্যাস ধরে রেখেছেন।’ ত্রান জানান, ছয়জন মিলে প্রায় ২৩ ডলার খরচ করে বিড়ালের মাংস দিয়ে তৈরি গরম ঝোলজাতীয় খাবার খেতে পারেন। তিনি বলেন, ‘শূকর বা মুরগির মাংসের বদলে আমরা বিড়ালের মাংস বেছে নিই। কারণ, চালের মদের সঙ্গে এটি খেতে ভালো লাগে।’ ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়ার প্রচলন অনেক পুরোনো। দেশটির কিছু মানুষের বিশ্বাস, এসব মাংস খেলে শরীরের শক্তি বাড়ে এবং দুর্ভাগ্য দূর হয়।
তবে এ ব্যবসার আকার নিয়ে সরকারি কোনো হিসাব নেই। প্রাণীকল্যাণ নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ফোর পজ ইন্টারন্যাশনাল ২০২০ সালের এক প্রতিবেদনে অনুমান করে, ভিয়েতনামে প্রতি বছর ৫০ লাখের বেশি কুকুর ও ১০ লাখ বিড়াল জবাই করা হয়। তবে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর কারণে কয়েক বছর ধরে এ ব্যবসা ধীরে ধীরে কমছে। ৭০ বছর বয়সী ত্রান হু থান একসময় কুকুরের মাংসের রেস্তোরাঁ চালাতেন। বিক্রি কমে যাওয়ায় ২০১৯ সালে তিনি ব্যবসা বন্ধ করে দেন। তিনি বলেন, ‘এখনকার তরুণেরা কুকুর ঘরের ভেতরে রাখে। পরিবারের সদস্যের মতো তাদের যত্ন নেয়।’
২০১৮ সালে হ্যানয়ের নগর কর্তৃপক্ষ বাসিন্দাদের কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বন্ধ করার আহ্বান জানায়। কর্তৃপক্ষের মতে, এ ধরনের খাবার শহরের ভাবমূর্তি নষ্ট করে এবং জলাতঙ্ক ছড়ানোর ঝুঁকি বাড়ায়। গত বছর কুকুর ও বিড়ালের মাংসের ব্যবসায়ীদের অন্য পেশায় যেতে উৎসাহিত করতে একটি পরীক্ষামূলক কর্মসূচি চালু করে কর্তৃপক্ষ। এর আওতায় তাদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয় পরিচালিত সংবাদমাধ্যম ভিয়েতনাম ইনভেস্টমেন্ট রিভিউ চলতি সপ্তাহে জানিয়েছে, কর্মসূচি শুরুর এক বছরের মধ্যে ২৮টি প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিবর্তন করেছে।
ভিয়েতনামের আইন অনুযায়ী, বিক্রেতাদের কাছে থাকা প্রাণীগুলো কোথা থেকে এসেছে, তার প্রমাণ দেখাতে হয়। তবে হ্যানয়ের বাসিন্দাদের অভিযোগ, আইনটি ঠিকভাবে কার্যকর হচ্ছে না। রয়টার্সের সাংবাদিকেরা শহরের একটি কাঁচাবাজারে পাঁচটি দোকানের মালিকের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে তিনজন জানান, তারা যে প্রাণী বিক্রি করেন, সেগুলো কোথা থেকে আসে তা জানেন না। পাঁচজনের কেউই নিজেদের নাম প্রকাশ করতে চাননি। এ বিষয়ে জানতে হ্যানয় নগর কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কোনো জবাব দেয়নি।
হ্যানয়ে পরিত্যক্ত ও চুরি হওয়া পোষা প্রাণীদের জন্য বড় আশ্রয়কেন্দ্রগুলোর একটি এসএনএনসি ডগ অ্যান্ড ক্যাট রেসকিউ সেন্টার। বিভিন্ন সময় মানুষ এই কেন্দ্রে ফোন করে জানায়, কিছু প্রাণীকে জবাইখানায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রটির স্বেচ্ছাসেবক ও যোগাযোগবিষয়ক ব্যবস্থাপক ফান চুং থান বলেন, এ ধরনের খবর পেলে কর্মীরা অনেক সময় সেখানে গিয়ে প্রাণীগুলো কেনার চেষ্টা করেন। মাংস হিসেবে বিক্রি করলে যে দাম পাওয়া যেত, তার চেয়ে বেশি টাকা দিয়ে তাঁরা প্রাণীগুলো কিনে নেন। তবে অর্থের অভাবে কেন্দ্রটিকে এখন উদ্ধারকাজ কমাতে হয়েছে। ফান জানান, বর্তমানে আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার ৪০০টি প্রাণী রয়েছে। এর বেশি প্রাণী রাখার সামর্থ্য তাদের নেই।
এদিকে ডম হারিয়ে যাওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনো বিড়ালটির খোঁজ পাননি ফুয়ং। তিনি এখনো ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপে নজর রাখছেন। সেখানে অনেকেই হারিয়ে যাওয়া প্রাণীর ছবি পোস্ট করেন। প্রাণী ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা চান কেউ কেউ। ফুয়ং বলেন, ‘ডম আমার মানসিক ভরসা ছিল। ওকে ছাড়া বাড়িটা একেবারে ফাঁকা লাগে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন