প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের প্রথম এআই বিষয়ক সাময়িকী ‘এআই ফর দ্য গ্লোবাল সাউথ: এ কোয়ার্টারলি বুলেটিন’-এর প্রথম সংখ্যা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
ত্রৈমাসিক এই সাময়িকীটি ইলাইয়া ফাউন্ডেশন, সেন্টার ফর অল্টারনেটিভস এবং আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোতে এআই-এর বিকাশ নিয়ে আরও গভীরভাবে ভাবার প্রয়োজন রয়েছে। তিনি প্রকাশনাটির সফলতা কামনা করে বলেন, "আমাদের লক্ষ্য হওয়া উচিত গ্লোবাল সাউথের জন্য এআই নয়, বরং গ্লোবাল সাউথের নিজস্ব উদ্যোগে তৈরি এআই।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত নজরুল ইসলাম সাময়িকীটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি এর প্রকাশনাকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশের এআই যাত্রায় এই প্রকাশনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাময়িকীটির সম্পাদক এবং ইলাইয়া ফাউন্ডেশনের সভাপতি মাসুদ জামিল খান বলেন, এই প্রকাশনাটি কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নাইরোবি, সাও পাওলো এবং জাকার্তার মতো শহরের মানুষের এআই শিক্ষার ক্ষেত্রেও এটি একটি মাইলফলক হয়ে উঠবে। তিনি এআই-এর অভিযোজন, নীতিমালা প্রণয়ন এবং বিশেষ করে গ্লোবাল সাউথকে এআই-তে সক্ষম করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভাষাগত প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান যাতে বাংলাকে এআই-এর জন্য একটি উপযুক্ত ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়।
সাময়িকীটির প্রধান সম্পাদক ও সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশে এআই-এর অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঠামোগত দুর্বলতা এখনো একটি বড় চ্যালেঞ্জ।
তিনি উল্লেখ করেন, "ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল শ্রমে বাংলাদেশ শক্তিশালী অবস্থানে থাকলেও উচ্চগতির ইন্টারনেট ও এআই সাক্ষরতার অভাব এখানে প্রধান অন্তরায়।" তিনি আরও বলেন, শহরের মানুষ, কৃষক এবং সাধারণ জনগণকে এআই-এর আওতায় আনতে হলে আমাদের এই কাঠামোগত দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে।
ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, ডিজিটাল সার্বভৌমত্ব মানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে সাইবার নেটওয়ার্ককে আরও নিরাপদ ও শক্তিশালী করা। তিনি বাংলা এআই রাইটিং ও স্পিচ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) যুক্ত করার এবং দেশে একটি শক্তিশালী এআই নীতিমালা কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
আর্গাস ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সের সহ-প্রতিষ্ঠাতা ফিরোজ এম জাহিদুর রহমান বলেন, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক—সবার কাছে এআই পৌঁছে দিতে হবে। তিনি গ্লোবাল সাউথের এআই ভাবনা পশ্চিমা বিশ্বের চেয়ে আলাদা উল্লেখ করে বলেন, বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাজে লাগাতে হবে এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে এআই প্রয়োগ করতে হবে। তিনি এআই-এর মাধ্যমে জ্ঞানের গণতান্ত্রিকীকরণের ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে দেশি-বিদেশি এআই বিশ্লেষক, প্রযুক্তি বিশেষজ্ঞ, কূটনীতিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বটতলা এআই অনুষ্ঠানটির সহ-পৃষ্ঠপোষকতা করে। সূত্র: ইউএনবি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন