প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারত জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।
এছাড়া, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিকে আইনি প্রশ্ন হিসেবে উল্লেখ করে ভারত জানিয়েছে, আইন অনুযায়ী এর সমাধান হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। তিনি জানতে চান, দুই দেশের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবা সংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "মানুষের ভ্রমণের জন্য ভ্রমণসংক্রান্ত নথিপত্র প্রয়োজন। শেখ হাসিনার আবেদনের বিষয়টিও সেই প্রেক্ষাপটে দেখা যেতে পারে। তবে এটি একটি কারিগরি বিষয়।"
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে তিনি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
তার বক্তব্য অনুযায়ী, "এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কী, তা হাইকমিশনই জানাতে পারবে।"
অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বশেষ কূটনৈতিক আলোচনা সম্পর্কে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "বিষয়টি আইনি। আইন অনুযায়ীই এর সমাধান করা হবে।"
শেখ হাসিনা যদি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজ দেশে ফিরতে চান, তাহলে দুই দেশের আলোচনা বা সমঝোতার মাধ্যমে ভারত কোনো ভূমিকা রাখতে পারে কি না, এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি জয়সওয়াল। এ ক্ষেত্রেও তিনি বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এর আগে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে রণধীর জয়সওয়াল আবারও জানান, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নিষ্পত্তি হবে।
বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন শেখ হাসিনা। গত সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ বিষয়ে চিঠি পাঠান তার আইনজীবীরা।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন